‘মাতৃভূমি’র কলাকুশলীদের জন্য কী উপহার দিলেন ভাইজান?
সহকর্মী ও ঘনিষ্ঠদের প্রতি আন্তরিকতা আর উদারতার জন্য বলিউডে আলাদা পরিচিতি রয়েছে সালমান খানের। কাজের প্রতি নিষ্ঠার স্বীকৃতি দিতে কিংবা প্রিয়জনদের খুশি করতে প্রায়ই নানা চমক দেন তিনি। এবার নিজের আসন্ন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর কলাকুশলীদের বিলাসবহুল ঘড়ি উপহার দিয়ে তাক লাগিয়ে দিলেন এই তারকা। পাশাপাশি সিনেমাটির মুক্তি পেছানোর কারণ নিয়েও খোলামেলা কথা বলেছেন তিনি।
আসন্ন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ এর ইউনিটের সদস্যদের পরিশ্রমের প্রতিদান দিতেই বিশেষ এই আয়োজন করেন সালমান খান। জানা গেছে, গত ১২ নভেম্বর পনভেলে নিজস্ব খামারবাড়িতে একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। সেখানে সিনেমার প্রায় ২০ থেকে ২৫ জন সদস্যের হাতে দামি সুইস ঘড়ি তুলে দেন অভিনেতা।
সূত্রের বরাতে জানা যায়, সিনেমার প্রথম ঝলক প্রকাশ্যে আসার দু’দিন পর এই আয়োজন করা হয়। কলাকুশলীদের আগে থেকে জানানো হয়েছিল যে সিনেমার প্রচার কৌশল নিয়ে একটি বৈঠক হবে। কিন্তু খামারবাড়িতে পৌঁছানোর পর তাঁরা বুঝতে পারেন, আসল উদ্দেশ্য ভিন্ন। প্রত্যেকের হাতে মূল্যবান ঘড়ি তুলে দিয়ে সকলকে চমকে দেন সালমান।
জানা গেছে, উপহার দেওয়া প্রতিটি ঘড়ির বাজারমূল্য প্রায় ২ থেকে ৬ লাখ টাকার মধ্যে। ওই আয়োজনের একটি ছবিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবির পুরুষ ও নারী সদস্যদের জন্য ভিন্ন দুটি ব্র্যান্ডের ঘড়ি বেছে নিয়েছিলেন সালমান পুরুষ কলাকুশলীদের দেওয়া হয়েছে ‘লংজিন’ ব্র্যান্ডের ঘড়ি এবং নারী সদস্যদের জন্য রাখা হয়েছিল ‘রাডো’ ঘড়ি। সালমান নিজেই সবার হাতে এসব উপহার তুলে দেন।
সিনেমার কাজ এগিয়ে নেওয়ার পথে নানা চ্যালেঞ্জ ও কালক্ষেপণের প্রসঙ্গও এদিন তুলে ধরেন সালমান খান। তিনি জানান, পোস্ট-প্রোডাকশনের কিছু কারিগরি কাজ এবং অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংয়ের আহত হওয়ার কারণে সিনেমার নির্মাণ পর্বে বাড়তি সময় লেগেছে। নির্মাতাদের মতে, দ্রুত সিনেমা প্রেক্ষাগৃহে আনার তাড়ায় দৃশ্য বা কারিগরি মানের সঙ্গে কোনো ছাড় দিতে চাননি তাঁরা।
এ সময় সেন্সর বোর্ড সংক্রান্ত একটি স্বস্তির খবরও শেয়ার করে নেন অভিনেতা। তার ভাষ্য অনুযায়ী, কোনো দৃশ্য কাঁচি না চালিয়েই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। সব মিলিয়ে সিনেমার নির্মাণগত বিলম্বের ব্যাখ্যা এবং কলাকুশলীদের প্রতি সালমানের এই উদার উদ্যোগ বর্তমানে বিনোদন অঙ্গনে বেশ আলোচনা তৈরি করেছে।

বিনোদন ডেস্ক