তিন বছর পর বাংলাদেশে লাকি আলী, এবার ঢাকা-চট্টগ্রামে কনসার্ট
তিন বছর পর আবারও বাংলাদেশে আসছেন বলিউড ও ইন্ডি-পপ সংগীতের জনপ্রিয় শিল্পী লাকি আলী। ২০২৩ সালে ঢাকায় গান শুনিয়ে শ্রোতাদের মুগ্ধ করেছিলেন তিনি। এবার ঢাকা ও চট্টগ্রামে সংগীত পরিবেশন করবেন নব্বইয়ের দশকের জনপ্রিয় এই গায়ক।
‘লাকি আলী বাংলাদেশ ট্যুর’ শীর্ষক আয়োজনটি করছে ইকিউব এন্টারটেইনমেন্ট। লজিস্টিক পার্টনার ঢাকা ব্রডকাস্ট। আয়োজকদের ঘোষণা অনুযায়ী, আগামী ১২ নভেম্বর চট্টগ্রামের র্যাডিসন ব্লুতে এবং ১৩ নভেম্বর ঢাকার মাদানি এভিনিউয়ের শেফস টেবিল কোর্টসাইডে মঞ্চে উঠবেন লাকি আলী।
ঢাকার কনসার্টের টিকিট ইতিমধ্যে বিক্রি শুরু হয়েছে ইকিউবের ওয়েবসাইটে। জেনারেল, প্রিমিয়াম ও ভিআইপি শ্রেণির টিকিটের দাম যথাক্রমে ৪ হাজার, ৭ হাজার ও ১২ হাজার টাকা। সোমবার (৯ নভেম্বর) চট্টগ্রামের আয়োজনের বিস্তারিত ঘোষণা করার কথা রয়েছে। দুই শহরেই লাকি আলীর সঙ্গে মঞ্চে থাকবে বাংলাদেশের একাধিক ব্যান্ড। আজই তাদের নাম প্রকাশ করবেন আয়োজকেরা।
সাম্প্রতিক সময়ে বিদেশি শিল্পীদের একাধিক কনসার্ট স্থগিত হওয়ায় লাকি আলীর সফর নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে সংশয় প্রকাশ করছেন কেউ কেউ। এ বিষয়ে আয়োজকেরা জানিয়েছেন, অনুমতির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। প্রয়োজনীয় সবুজসংকেত পাওয়ার পরই টিকিট বিক্রি শুরু করা হয়েছে। প্রশাসনের সহযোগিতা পাওয়ার ব্যাপারে আশাবাদী তাঁরা। দর্শকদের জন্য স্মরণীয় সংগীতসন্ধ্যা আয়োজনের প্রস্তুতিও চলছে।
নব্বইয়ের দশকে ইন্ডি-পপ ও বলিউডের মেলোডিনির্ভর গানে নিজস্ব পরিচিতি গড়ে তোলেন লাকি আলী। ১৯৯৬ সালে প্রকাশিত তার প্রথম একক অ্যালবাম ‘সুনো’র ‘ও সানাম’ গানটি তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়।
প্লেব্যাকেও রয়েছে তার অসংখ্য জনপ্রিয় গান। ‘এক পাল কা জিনা’, ‘না তুম জানো না হাম’, ‘আ ভি জা’, ‘জানে ক্যায়া ঢুন্ডতা হ্যায়’, ‘আহিস্তা’ ও ‘সফরনামা’র মতো গান দিয়ে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। ২০১৫ সালের পর বলিউডের প্লেব্যাক থেকে ধীরে ধীরে সরে এসে স্বাধীন সংগীতচর্চায় মনোযোগ দেন এই শিল্পী।

বিনোদন ডেস্ক