গ্র্যামিতে নারীদের দাপট, ১১ মনোনয়ন পেয়ে বিয়ন্সের রেকর্ড ছুঁলেন রে
২০২৭ সালের বিশ্বসংগীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়েছে। এবারের আসরে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছেন ব্রিটিশ গায়িকা ও গীতিকার রে। একাই ১১টি বিভাগে মনোনয়ন পেয়ে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। তাঁর পেছনেই আছেন স্প্যানিশ সংগীততারকা রোসালিয়া। ৯টি মনোনয়ন পেয়েছেন তিনি। অন্যদিকে গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে পুরস্কার জয়ের দৌড়ে রয়েছেন টেইলর সুইফট, অলিভিয়া রদ্রিগো, ফিবি ব্রিজার্স ও অলিভিয়া ডিনের মতো শিল্পীরাও।
গতকাল সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়ন ঘোষণা করে রেকর্ডিং একাডেমি। আগামী ৭ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবারের আসরে মোট ১০০টি বিভাগে পুরস্কার দেওয়া হবে।
ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য এই আয়োজনে গায়িকা রে মনোনয়ন পেয়েছেন অ্যালবাম অব দ্য ইয়ার, রেকর্ড অব দ্য ইয়ার ও সং অব দ্য ইয়ারের মতো গুরুত্বপূর্ণ বিভাগে। এই প্রথমবারের মতো এই তিনটি শীর্ষ বিভাগে মনোনয়ন পেলেন তিনি। এ ছাড়া নন-ক্ল্যাসিক্যাল বিভাগে বছরের সেরা গীতিকার, পপ পরিবেশনা, মিউজিক ভিডিওসহ বিভিন্ন বিভাগে মনোনয়ন পেয়েছেন এই শিল্পী।
এক বছরে ১১টি মনোনয়ন পাওয়ার মধ্য দিয়ে নতুন একটি রেকর্ডেও ভাগ বসিয়েছেন রে। ২০২৫ সালের গ্র্যামিতে এক বছরে নারী শিল্পী হিসেবে সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়েছিলেন বিয়ন্সে। এবার সেই রেকর্ডে ভাগ বসালেন রে।
সমালোচকদের প্রশংসা পাওয়া অ্যালবাম ‘দিস মিউজিক মে কনটেইন হোপ’-এর সাফল্যে দারুণ সময় পার করছেন রে। ক্যারিয়ারে এ পর্যন্ত তাঁর মোট গ্র্যামি মনোনয়ন ১৫টি। তবে এখনো এই পুরস্কার জেতা হয়নি তাঁর। অবশ্য সামাজিক পরিবর্তনে সংগীতের ভূমিকার স্বীকৃতিস্বরূপ রেকর্ডিং একাডেমির পক্ষ থেকে দেওয়া ‘হ্যারি বেলাফন্টে বেস্ট সং ফর সোশ্যাল চেঞ্জ’ সম্মাননা পেয়েছেন তিনি।
মনোনয়নের তালিকায় রেইয়ের পরেই রয়েছেন স্প্যানিশ গায়িকা রোসালিয়া। তাঁর ঝুলিতে এসেছে ৯টি মনোনয়ন। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ২৭তম লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডসে তাঁর পরীক্ষাধর্মী ‘লাক্স (কমপ্লিট ওয়ার্কস)’ এর জন্য বছরের অ্যালবাম অব দ্য ইয়ার মনোনয়ন পেয়েছেন তিনি। স্প্যানিশ ভাষার সংগীতকে আন্তর্জাতিক অঙ্গনে জনপ্রিয় করে তোলা এই শিল্পী এবার গ্র্যামির রেকর্ড, সং ও অ্যালবাম অব দ্য ইয়ারসহ মোট নয়টি বিভাগে মনোনয়ন পেয়েছেন এই শিল্পী। এসব বিভাগের প্রতিটিতেই এবার প্রথমবারের মতো মনোনয়ন পেলেন তিনি।
এদিকে সাতটি করে মনোনয়ন নিয়ে যৌথভাবে তালিকায় রয়েছেন মিরান্ডা ল্যামবার্ট, অলিভিয়া রদ্রিগো, ফোবি ব্রিজার্স ও প্রথমবারের মতো মনোনয়ন পাওয়া এলা ল্যাংলি। ছয়টি করে মনোনয়ন নিয়ে তাঁদের পরেই রয়েছেন ব্রুনো মার্স, লিওন থমাস ও ২০২৬ সালের বেস্ট নিউ আর্টিস্ট বিজয়ী অলিভিয়া ডিন।
এদের মধ্যে বিশেষভাবে নজর কেড়েছেন কান্ট্রি সংগীতশিল্পী এলা ল্যাংলি। তাঁর ‘চুজিন টেক্সাস’ গানটি বছরের সেরা রেকর্ড ও বছরের সেরা গানের বিভাগে মনোনীত হয়েছে। ‘ড্যান্ডেলিয়ন’ রয়েছে বছরের সেরা অ্যালবামের তালিকায়। একই সঙ্গে সেরা নবাগত শিল্পী বিভাগেও মনোনয়ন পেয়েছেন তিনি। অর্থাৎ গ্র্যামির সবচেয়ে আলোচিত চারটি প্রধান বিভাগেই প্রতিদ্বন্দ্বিতা করছেন ল্যাংলি।
অলিভিয়া রদ্রিগোর ‘ইউ সিম প্রিটি স্যাড ফর আ গার্ল সো ইন লাভ’ অ্যালবামটিও রয়েছে বছরের সেরা অ্যালবামের দৌড়ে। তাঁর ‘দ্য কিউর’ মনোনীত হয়েছে বছরের সেরা গান ও রেকর্ড বিভাগে।
ফিবি ব্রিজার্সের ‘লস্ট উইকেন্ড’ অ্যালবামও রয়েছে বছরের সেরা অ্যালবামের তালিকায়। অন্যদিকে জনপ্রিয় কান্ট্রি তারকা মিরান্ডা ল্যামবার্ট মনোনয়ন পেয়েছেন গীতিকার ও প্রযোজক হিসেবেও।
গ্র্যামির এবারের আসরে আলোচনায় রয়েছেন মার্কিন পপ তারকা টেলর সুইফটও। মোট পাঁচটি মনোনয়ন পেয়েছেন তিনি। তাঁর পঞ্চম টানা স্টুডিও অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ অ্যালবাম জায়গা করে নিয়েছে বছরের সেরা অ্যালবামের তালিকায়। এর আগে গ্র্যামির ইতিহাসে মাত্র একজন শিল্পী টানা পাঁচটি স্টুডিও অ্যালবামের জন্য এই বিভাগে মনোনয়ন পেয়েছিলেন। তিনি কেনড্রিক লামার।
‘দ্য ফেট অব ওফেলিয়া’ মনোনীত হয়েছে বছরের সেরা রেকর্ড বিভাগে। আর ‘টয় স্টোরি ৫’ চলচ্চিত্রের গান ‘আই নিউ ইট, আই নিউ ইউ’ রয়েছে বছরের সেরা গানের তালিকায়।
বছরের সেরা অ্যালবাম বিভাগে টেলরের প্রতিদ্বন্দ্বী রেই, রোসালিয়া, অলিভিয়া রদ্রিগো, ফিবি ব্রিজার্স, অলিভিয়া ডিন, এলা ল্যাংলি ও ব্রুনো মার্স। এই বিভাগে আট মনোনীত শিল্পীর মধ্যে সাতজনই নারী। একমাত্র পুরুষ শিল্পী ব্রুনো মার্স। তাঁর ‘দ্য রোমান্টিক’ অ্যালবাম মনোনয়ন পেয়েছে এই বিভাগে।
এবারের মনোনয়ন তালিকায় নতুন ইতিহাস গড়েছেন বিয়ন্সেও। ‘মর্নিং ডিউ (ডঙ্ক)’ গানের জন্য সেরা আরঅ্যান্ডবি একক পরিবেশনা বিভাগে মনোনয়ন পেয়ে তাঁর ক্যারিয়ারে মোট গ্র্যামি মনোনয়নের সংখ্যা দাঁড়িয়েছে ১০০।
গ্র্যামির ইতিহাসে প্রথম শিল্পী হিসেবে শততম মনোনয়নের মাইলফলক স্পর্শ করলেন এই মার্কিন সংগীত তারকা। এর আগেই তিনি গ্র্যামির ইতিহাসে সর্বাধিক পুরস্কারজয়ী শিল্পীর স্বীকৃতি পেয়েছেন।
এবারের গ্র্যামিতে এশীয় পপসংগীতের জন্য যুক্ত হয়েছে নতুন বিভাগ—সেরা এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স। এই বিভাগে মনোনয়ন পেয়েছে ছয়টি গান।
মনোনীত গানগুলোর মধ্যে রয়েছে-জাপানের বেবিমেটাল ও পলিফিয়ার ‘সানসেট কিস’, ফিলিপাইনের বিআইএনআইর ‘উনাং কিলিগ’, দক্ষিণ কোরিয়ার আইভের ‘ব্যাং ব্যাং’, কিইকিইর ‘৪০৪ (নিউ এরা)’, জাপানি গায়িকা লিসার ‘ইয়েস’ এবং ফিলিপাইনের এসবি১৯-এর ‘ভিসা’।
তবে কে-পপ অনুরাগীদের জন্য আরও বড় চমক ব্ল্যাকপিঙ্ক সদস্য জেনির মনোনয়ন। অস্ট্রেলীয় সংগীত প্রকল্প টেম ইমপালার সঙ্গে তাঁর ‘ড্রাকুলা’ গানটি বছরের সেরা রেকর্ড বিভাগে জায়গা পেয়েছে। একই গান মনোনীত হয়েছে সেরা পপ ডুয়ো বা গ্রুপ পরিবেশনা বিভাগেও।
এর মধ্য দিয়ে বছরের সেরা রেকর্ড বিভাগে মনোনয়ন পাওয়া দ্বিতীয় কে-পপ শিল্পী হিসেবে নতুন মাইলফলক স্পর্শ করেছেন জেনি।
সেরা নবাগত শিল্পী বিভাগেও এবার রয়েছে বেশ কয়েকজন প্রতিশ্রুতিশীল শিল্পীর উপস্থিতি। এলা ল্যাংলির পাশাপাশি মনোনয়ন পেয়েছে রক ব্যান্ড গিজ ও আঞ্জিন দ্য পোয়াত্রিন। তালিকায় আরও রয়েছেন স্লেইটার, সিয়েনা স্পাইরো, ডন টলিভার, রেমি উলফ এবং দ্য ওম্যাক সিস্টার্স।
তবে এলা ল্যাংলিকে ঘিরে আগ্রহ তুলনামূলক বেশি। কারণ, সেরা নবাগত শিল্পী বিভাগের পাশাপাশি বছরের সেরা অ্যালবাম, রেকর্ড ও গানের বিভাগেও প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
সংগীতের পরিবর্তিত ধারা ও বৈশ্বিক জনপ্রিয়তার কথা বিবেচনা করে এবার গ্র্যামিতে পাঁচটি নতুন বিভাগ যুক্ত হয়েছে। এগুলো হলো সেরা এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স, সেরা আর অ্যান্ডবি সহযোগী বা দলীয় পরিবেশনা, সেরা ঐতিহ্যবাহী পপ কণ্ঠ পরিবেশনা, সেরা ঐতিহ্যবাহী ফোক অ্যালবাম এবং সেরা লাতিন গান।
এবারের মনোনয়নের জন্য বিবেচনায় নেওয়া হয়েছে ২০২৫ সালের ৩১ আগস্ট থেকে ২০২৬ সালের ২৮ আগস্ট পর্যন্ত প্রকাশিত সংগীতকর্ম। চূড়ান্ত ভোট গ্রহণ চলবে আগামী ১০ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৭ জানুয়ারি পর্যন্ত। এরপর ৭ ফেব্রুয়ারি বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে গ্র্যামির পুরস্কার।
এখন সংগীতপ্রেমীদের অপেক্ষা ফলাফলের। ১১টি মনোনয়ন পাওয়া রে কি এবার পুরস্কার জিতেও নতুন ইতিহাস গড়বেন, নাকি অন্য তারকারা কেড়ে নেবেন আলোচনার কেন্দ্রবিন্দু—সেই উত্তর মিলবে আগামী ফেব্রুয়ারিতে।

বিনোদন ডেস্ক