শুরু হলো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন ৩ এর নিবন্ধন
দেশের জনপ্রিয় পারিবারিক গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ ফিরছে তৃতীয় সিজন নিয়ে। নতুন ফরম্যাট, আরও প্রতিযোগিতামূলক আয়োজন এবং আকর্ষণীয় সব পুরস্কার নিয়ে আসছে অনুষ্ঠানটি। এরই মধ্যে শুরু হয়েছে সিজন ৩-এর নিবন্ধন। সারাদেশের পরিবারগুলোকে এতে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান বঙ্গ।
বঙ্গের প্রযোজনায় এবং আইগ্যাস ইউনাইটেডের নিবেদনে নির্মিত হচ্ছে এবারের আয়োজন। আগের দুই সিজনের মতো এবারও অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন তাহসান খান। তৃতীয়বারের মতো টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে আইগ্যাস ইউনাইটেড। অনুষ্ঠানটির অফিসিয়াল সম্প্রচার সহযোগী হিসেবে থাকছে এনটিভি। আর পরিচালনায় থাকছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র।
নতুন সিজনে প্রতিযোগিতার ধরনেও আসছে পরিবর্তন। এবার পরিবারগুলোকে কয়েকটি ধাপ পেরিয়ে সেরা হওয়ার লড়াইয়ে নামতে হবে। প্রতিযোগিতার মাধ্যমে সেরা তিনটি পরিবার নির্বাচিত হবে। তাদের মধ্যে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি উঠে যাবে গ্র্যান্ড ফিনালেতে। বাকি একটি জায়গার জন্য লড়বে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা পরিবার দুটি। এরপর ফাইনালে মুখোমুখি হবে দুই পরিবার। বিজয়ী পরিবার জিতে নেবে চ্যাম্পিয়নের খেতাব ও আকর্ষণীয় পুরস্কার।
এর আগে প্রথম ও দ্বিতীয় সিজনের সাফল্যে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। আয়োজকদের তথ্য অনুযায়ী, দ্বিতীয় সিজন টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্ম মিলিয়ে ১০০ কোটির বেশি ভিউ অর্জন করে। অনুষ্ঠানটির জন্য দেশের ৬৪ জেলায় জরিপ চালানো হয়েছিল। এর মাধ্যমে বিভিন্ন অঞ্চলের মানুষের মতামত উঠে আসে প্রতিযোগিতার মঞ্চে। পাশাপাশি অংশগ্রহণকারী পরিবারগুলোকে দেওয়া হয় ১৫ লাখ টাকার বেশি মূল্যের পুরস্কার।
নতুন সিজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তাহসান খান বলেন, ‘ফ্যামিলি ফিউড সবসময়ই পরিবারগুলোকে হাসি, আনন্দ আর অসাধারণ সব মুহূর্তের সুতোয় বেঁধেছে। সিজন ৩ নিয়ে আমি একটু বেশিই রোমাঞ্চিত, কারণ এর নতুন ফরম্যাট প্রতিযোগিতাকে অন্য মাত্রায় নিয়ে যাবে। পরিবারগুলোর সুযোগ থাকবে নিজেদের বুদ্ধিমত্তা ও টিম স্পিরিট প্রমাণের মাধ্যমে ফ্যামিলি ফিউডের মঞ্চ কাঁপানো এবং বড় পুরস্কার জিতে নেওয়ার। এবার কোন পরিবার সেরা হয়ে বিজয়ের মুকুট ছিনিয়ে নেয়, তা দেখতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি!’
সিজন ৩-এ অংশ নিতে আগ্রহী পরিবারগুলোকে অনলাইনে নিবন্ধন করতে হবে। এ জন্য নির্ধারিত লিংক এ গিয়ে আবেদন করা যাবে। বঙ্গের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমের পেজেও পাওয়া যাবে নিবন্ধনের লিংক।

বিনোদন ডেস্ক