ঢাকায় বলিউডের খল অভিনেতা মুকেশ ঋষি
বলিউডের পরিচিত খল অভিনেতা মুকেশ ঋষি এখন ঢাকায়। এমডি ইকবালের পরিচালনায় নির্মিতব্য ‘নসিব’ সিনেমায় অভিনয় করতে বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে মুম্বাই থেকে ঢাকায় পৌঁছান তিনি। বিমানবন্দরে ফুল দিয়ে এই অভিনেতাকে স্বাগত জানান সিনেমাটির প্রযোজক আরশাদ আদনান।
ঢাকা বিমানবন্দরে মুকেশ ঋষির হাতে ফুলের তোড়া তুলে দেন আরশাদ আদনান। এ সময় দুজনকে একসঙ্গে ছবিও তুলতে দেখা যায়।
আরশাদ আদনানের গল্প ভাবনায় নির্মিত হচ্ছে ‘নসিব’। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। এতে খলচরিত্রে দেখা যাবে মুকেশ ঋষিকে। শুটিংয়ের প্রয়োজনে উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে যাওয়ার কথা রয়েছে তাঁর।
নব্বইয়ের দশক থেকে বলিউডে খল অভিনেতা হিসেবে পরিচিতি পান মুকেশ ঋষি। শক্তিশালী শারীরিক গঠন, গম্ভীর কণ্ঠস্বর ও পর্দায় ভয়ংকর উপস্থিতির কারণে আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি। তবে তাঁর অভিনয়জীবন শুধু হিন্দি সিনেমায় সীমাবদ্ধ নয়। তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও পাঞ্জাবি ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই অভিনেতা।
অমিতাভ বচ্চনের সঙ্গে ‘সূর্যবংশম’, ‘লাল বাদশাহ’ ও ‘কোহরাম’ সিনেমায় অভিনয় করেছেন মুকেশ। সালমান খানের সঙ্গে তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘জুড়ওয়া’, ‘বন্ধন’ ও ‘গর্ব: প্রাইড অ্যান্ড অনার’।
এ ছাড়া আমির খানের ‘সারফারোশ’ সিনেমায় ইন্সপেক্টর সেলিম চরিত্রে অভিনয় করে প্রশংসা পান তিনি। ‘গুন্ডা’ সিনেমার বুল্লা চরিত্রের মাধ্যমেও দর্শকের কাছে বিশেষ পরিচিতি পেয়েছেন এই অভিনেতা।

বিনোদন ডেস্ক