আজ ঢাকা মাতাবেন অনুপম রায়
আজ ঢাকা মাতাবেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘ম্যাজিক্যাল নাইট’ শীর্ষক কনসার্টে গান গাইবেন তিনি। এই কনসার্টের আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন্স। অনপুম রায় ছাড়াও কনসার্টে আরও থাকছেন কলকাতার আরেক ব্যান্ড তালপাতার সেপাই। এ ছাড়া, অর্ণব ও মেঘদলও গান গাইবেন।
এর আগে অনুপম রায় ‘দ্য অনুপম রায় ব্যান্ড’ নিয়ে ১০ মার্চ ঢাকা এসেছিলেন। সেদিন নারায়ণগঞ্জ ক্লাবে গান পরিবেশন করেছিলেন তিনি।
২০১০ সালে সৃজিত মুখার্জির ‘অটোগ্রাফ’ চলচ্চিত্রে ‘আমাকে আমার মতো থাকতে দাও’ ও ‘বেঁচে থাকার গান’ গেয়ে দর্শকদের মাঝে সাড়া ফেলেন অনুপম রায়। এরপর একের পর এক গান গেয়ে প্রশংসিত হয়েছেন তিনি।
অনুপম রায় ‘প্রাক্তন’ সিনেমার ‘তুমি যাকে ভালোবাস’ গানের জন্য সেরা গীতিকার হিসেবে ২০১৬ সালে ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান । ২০১৫ সালে ‘পিকু’ সিনেমার সংগীত পরিচালনার মাধ্যমে বলিউডে পদার্পণ করেন তিনি।

ফিচার ডেস্ক