রাশিয়ার প্রধান শিল্পাঞ্চলে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা
রাশিয়ার মধ্যাঞ্চলীয় শহর নিজনেকামস্কে ইউক্রেনের বিমান ও ড্রোন হামলায় দেশটির অন্যতম বৃহৎ পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার (১৫ নভেম্বর) ভোরে চালানো এই হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন। এছাড়া পৃথক আরেকটি হামলায় রোস্তভ অঞ্চলে একজন প্রকৌশলী নিহত হয়েছেন। খবর এএফপির।
নিজনেকামস্ক শহরের মেয়র রাদমির বেলিয়ায়েভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলেন, ‘আজ খুব ভোরে নিজনেকামস্কে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে শত্রুপক্ষ। এর ফলে শিল্পাঞ্চলের বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় একটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।
প্রায় ২ লাখ ৪০ হাজার জনসংখ্যার শহর নিজনেকামস্ককে তাতারস্তান প্রজাতন্ত্রের ‘পেট্রোকেমিক্যাল রাজধানী’ হিসেবে অভিহিত করা হয়। শহরটিতে একাধিক তেল শোধনাগার এবং বৃহৎ পেট্রোকেমিক্যাল কারখানা অবস্থিত। রুশ গণমাধ্যমের বরাতে আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় তিনজন আহত হয়েছেন।
ইউক্রেনীয় এবং রুশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলার ফলে রাশিয়ার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘সিবুরের’ মালিকানাধীন ‘নিজনেকামস্কনেফতেখিম’ (এনকেএনকে) পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, শিল্পাঞ্চলটির ওপর থেকে আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উঠছে। তবে বার্তা সংস্থা এএফপি এই ভিডিওগুলোর সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।
অন্যদিকে, ইউক্রেন সীমান্তবর্তী রোস্তভ-অন-ডন অঞ্চলের শিল্প বন্দরনগরী তাগানরোগে রাতভর চালানো পৃথক ইউক্রেনীয় হামলায় একটি বিদ্যুৎ উপকেন্দ্রের প্রকৌশলী নিহত হয়েছেন। আঞ্চলিক গভর্নর ইউরি স্লিউসার এ তথ্য নিশ্চিত করেছেন। তাগানরোগের মেয়র স্বেতলানা কাম্বুলোভা জানিয়েছেন, বিদ্যুৎ উপকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং শহরটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
এদিকে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত ইউক্রেনের ৫৩৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
তবে এই হামলার বিষয়ে কিয়েভের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইউক্রেন বরাবরই বলে আসছে, নিজ ভূখণ্ডে রাশিয়ার প্রাণঘাতী হামলার জবাবে তারা রুশ শিল্প ও জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে।

এনটিভি অনলাইন ডেস্ক