গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত
ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার সামির আবু ইউনিস নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৪ নভেম্বর) আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া একটি তাঁবুতে হামলা চালানো হলে তিনি নিহত হন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। খবর আল জাজিরার।
হামাস সামির আবু ইউনিসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থা শিন বেত এক যৌথ বিবৃতিতে জানায়, শনিবার খান ইউনিসে ড্রোন হামলা চালিয়ে হামাসের একজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডারকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
আহতদের খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয় বলে আল-জাজিরাকে জানিয়েছেন চিকিৎসাকর্মীরা। হাসপাতালের আশপাশ থেকে ধারণ করা এবং আল-জাজিরার যাচাই করা ভিডিওতে অ্যাম্বুলেন্স ও রক্তের দাগযুক্ত স্ট্রেচার দেখা গেছে।
ভূমধ্যসাগরের উপকূলবর্তী আল-মাওয়াসি এলাকায় বিপুলসংখ্যক বাস্তুচ্যুত ফিলিস্তিনি তাঁবুতে বসবাস করছেন। ইসরায়েল একসময় এলাকাটিকে মানবিক নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করলেও সেখানে একাধিকবার হামলা চালিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত এবং ৬৮ জন আহত হয়েছেন।
২০২৫ সালের ১১ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৬৪৩ ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৯৬৪ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচ থেকে অন্তত ৮৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ৭৪ হাজার ৬৯৫ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৬ হাজার ৯৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে শীতজনিত কারণে মৃত্যুর সংখ্যাও বেড়েছে। নয় মাস বয়সী এক শিশুর হাইপোথার্মিয়ায় মৃত্যুর পর এ সংখ্যা বেড়ে ১১-তে দাঁড়িয়েছে। চলতি শীত মৌসুমে এটিই এ ধরনের প্রথম মৃত্যুর ঘটনা।
সাম্প্রতিক ভারি বৃষ্টিতে গাজার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও পানি ঢুকে পড়ায় পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। বাস্তুচ্যুত অধিকাংশ মানুষ তাঁবু ও ক্ষতিগ্রস্ত ভবনে আশ্রয় নিয়ে দিন কাটাচ্ছেন। যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও গাজাজুড়ে ইসরায়েলি হামলা বেড়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক