মহাখালীর সাততলা বস্তিতে ফায়ার সার্ভিসের মহড়া
রাজধানীর মহাখালীস্থ সাততলা বস্তিতে অগ্নিনিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ মহড়ার আয়োজন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালকের নির্দেশনায় শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৮ টায় সাততলা বস্তিতে এই প্রশিক্ষণ মহড়ার কার্যক্রম শুরু হয়।
ফায়ার সার্ভিস মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মহড়ার শুরুতে বস্তিবাসীদের অগ্নিপ্রতিরোধে করণীয়, দুর্ঘটনার প্রাথমিক পর্যায়ে করণীয়, ফায়ার এক্সটিংগুইসার ব্যবহার এবং অগ্নিনির্বাপণ যন্ত্র না থাকলে মোটা কাপড় বা চটের বস্তা ভিজিয়ে আগুন নেভানোর কৌশল শেখানো হয়। এরপর গ্যাস সিলিন্ডারে আগুন নির্বাপণ প্রদর্শণ ও অনুশীলন করানো হয়।
পরে ফায়ার সার্ভিসের সাথে বস্তি, এলাকাবাসী ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণে অগ্নিনির্বাপণ উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক একটি কার্যকরী মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় বারিধারা ফায়ার স্টেশন, তেজগাঁও ফায়ার স্টেশন এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন অংশগ্রহণ করে।
মহড়া শেষে ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলু মিয়া, সিনিয়র সহ-সভাপতি শরীফ ভূঁইয়া ও ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন বক্তব্য রাখেন।
মহড়া শেষে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা বস্তির বিভিন্ন এলাকা ও স্থাপনা পরিদর্শন করে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে অগ্নিনিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক গণসংযোগ পরিচালনা করেন।
এ সময় অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনায় দ্রুত ফায়ার সার্ভিসের সহায়তা পেতে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২-এর বিষয়ে সকলকে অবহিত করা হয় এবং হটলাইন নম্বর ১০২-সংবলিত স্টিকার লাগানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান, জোন কমান্ডার ফয়সলুর রহমান, মো. আব্দুল মন্নানসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)