নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন
নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে রাতে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ নভেম্বর) গভীররাতে চল্লিশা বাজারসংলগ্ন শাখাটিতে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়টির মূল ফটক, সীমানাপ্রাচীর ও সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত হয়।
অগ্নিকাণ্ডের ২৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, ব্যাংকের মূল ফটকের লোহার গেটের সামনে ও দেয়ালে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং সাইনবোর্ড পুড়ছে। এ সময় এক ব্যক্তিকে সেখানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত সরে যেতে দেখা যায়।
গ্রামীণ ব্যাংকের চল্লিশা শাখার ব্যবস্থাপক শাহজাহান আলী জানান, রাতে কার্যালয়ের মূল ফটকের সামনে ও সাইনবোর্ডের আশপাশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ব্যাংকের নিরাপত্তাকর্মী বিষয়টি টের পেয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এতে সাইনবোর্ড ও দেয়াল সামান্য ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রামীণ ব্যাংকের ওই শাখায় আগুন দেওয়ার বিষয়টি শাখা ব্যবস্থাপক মুঠোফোনে পুলিশকে অবহিত করার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভজন দাস, নেত্রকোনা