গাজীপুরের শ্রীপুরে আগুনে পুড়ল প্রবাসীর ১৩ বসতঘর
গাজীপুরে শ্রীপুরে খাবার হোটেলের গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল দুবাই প্রবাসীর ১৩টি বসত ঘর, একটি খাবার হোটেল ও দোকান। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আজ রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকার ডেনিম্যাক কারখানার সামনে দুবাই প্রবাসী নিশাত ঢালীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রবাসীর স্বজনরা জানান, বছর দেড়েক আগে দুবাই প্রবাসী নিশাত ঢালী ১৩টি বসত ঘর দুটি দোকানসহ এ বাড়িটি কিনেন। বাড়ির ঘরগুলো স্থানীয় বিভিন্ন গার্মেন্টস কারখানার শ্রমিকদের কাছে ও দুটি দোকানের একটিতে খাবার হোটেল ভাড়া দেওয়া ছিল। আজ সকাল ৯টার দিকে ভাড়া দেওয়া খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। মুহূর্তেই আগুন পেছনে থাকা বসতবাড়ির ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভাতে কাজ শুরু করার পাশাপাশি মাওনা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। আগুনে প্রত্যেকটি বসতঘর, ঘরে থাকা আসবাবপত্র পুড়ে গেছে।
মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম বলেন, আগুন লাগার খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।

আব্দুর রউফ, গাজীপুর (শ্রীপুর)