সুইজারল্যান্ডে শান্তি আলোচনায় ইরানের প্রতিনিধি দলে কারা আছেন?
সুইজারল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনায় অংশ নেওয়া ইরানের প্রতিনিধি দলটি অত্যন্ত শক্তিশালী ও প্রভাবশালী। কূটনীতি, জাতীয় নিরাপত্তা, নিষেধাজ্ঞা শিথিলকরণ, ব্যাংকিং এবং জ্বালানি খাতের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে এই উচ্চপর্যায়ের দল গঠন করা হয়েছে, যেখানে প্রতিটি খাতের শীর্ষ ব্যক্তিরা প্রতিনিধিত্ব করছেন। খবর আল জাজিরার।
এই প্রতিনিধি দলের প্রধান বাঘের গালিবফ বর্তমানে ইরানের সংসদের স্পিকার (২০২০ সাল থেকে)। এর আগে তিনি দীর্ঘ সময় ইরানের বিপ্লবী গার্ডের (আইআরজিসি) বিমান বাহিনীর কমান্ডার ও দেশের পুলিশ প্রধান ছিলেন। এছাড়া ২০০৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি রাজধানী তেহরানের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিপ্লবী গার্ডের সঙ্গে তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
প্রতিনিধি দলের দ্বিতীয় সর্বোচ্চ পদমর্যাদার ব্যক্তি হলেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের অত্যন্ত আস্থাভাজন ও ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। বিগত এক দশকে ইরানের পারমাণবিক চুক্তি ও ফাইল সংক্রান্ত বিষয়ে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন। ২০২১ সালে প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির আমলে তিনি ইরানের প্রধান পরমাণু আলোচক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
নিষেধাজ্ঞা শিথিল ও অর্থনৈতিক লেনদেনের বিষয়টি দেখভালের জন্য প্রতিনিধি দলে রয়েছেন ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুলনাসের হেম্মাতি।
ইরানের অর্থনীতির মূল চালিকাশক্তি জ্বালানি খাতের প্রতিনিধিত্ব করতে এই দলে রয়েছেন দেশটির তেল উপমন্ত্রী হামিদ বুর।

এনটিভি অনলাইন ডেস্ক