ইরানে বিয়েবাড়িতে হামলা : বেসামরিক প্রাণহানিতে জাতিসংঘের উদ্বেগ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সামরিক সংঘাত এবং বিয়ের অনুষ্ঠানে মার্কিন বিমান হামলায় বেসামরিক নাগরিক হতাহতের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
স্থানীয় সময় বুধবার (২ সেপ্টেম্বর) জাতিসংঘের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক আনাদোলু বার্তা সংস্থাকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। খবর আলজাজিরার।
গুতেরেসের বার্তা তুলে ধরে দুজারিক সাংবাদিকদের বলেন, জাতিসংঘ মহাসচিব বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো যেকোনো হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে উত্তেজনার বৃদ্ধি নিয়ে অত্যন্ত শঙ্কিত।
মহাসচিবের মুখপাত্র আরও সতর্ক করে বলেন, এই সংঘাতের বিপজ্জনক বিস্তার থেকে মধ্যপ্রাচ্যের খুব কম দেশই রেহাই পাচ্ছে। এ অঞ্চলের আকাশসীমা এবং গুরুত্বপূর্ণ নৌ চলাচলের পথগুলো চরমভাবে ব্যাহত হচ্ছে।
জাতিসংঘের পক্ষ থেকে দুই পক্ষকেই অবিলম্বে সকল ধরনের সামরিক কার্যকলাপ বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। মহাসচিব হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই সংঘাত আরও বৃদ্ধি পেলে তা সাধারণ বেসামরিক মানুষ এবং সমগ্র মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত ‘ভয়াবহ ও বিপর্যয়কর পরিণতি’ বয়ে আনবে।

এনটিভি অনলাইন ডেস্ক