অনুদানের অর্থ আত্মসাৎ : সাবেক মিস থাইল্যান্ড পানাডা গ্রেপ্তার
সাবেক মিস থাইল্যান্ড তার দাতব্য সংস্থা থেকে ২ কোটি ২০ লাখ পাউন্ড আত্মসাৎ করে বিলাসবহুল বাড়ি কিনেছেন বলে অভিযোগ উঠেছে। অনুদানের অর্থ অপব্যবহারের অভিযোগে ব্যাংককের বুয়েং কুম জেলায় নিজ বাড়ির বাইরে থেকে ৫০ বছর বয়সী পানাডা ‘বুম’ ওংফুদিকে গ্রেপ্তার করা হয়।
সাংবাদিকদের কাছে অভিযোগের বিষয়ে বিবৃতি দেওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
গ্রেপ্তার হওয়ার সময় সাবেক এই মিস থাইল্যান্ড সাংবাদিকদের বলেন, ‘আমি আইনি প্রক্রিয়ায় যেতে প্রস্তুত। সবার কাছে আমি দুঃখ প্রকাশ করছি।’
২০০০ সালে মিস থাইল্যান্ডের মুকুট অর্জনের পর থেকে পানাডা ‘বুম’ ওংফুদি একাধারে অভিনেত্রী, মডেল ও উপস্থাপিকা হিসেবে কাজ করে ব্যাপক পরিচিতি লাভ করেন, তবে এখন তার সেই জনপ্রিয়তায় ধস নেমে এসেছে।
পানাডার বিরুদ্ধে সরকারি প্রতারণা, অর্থ পাচার এবং থাইল্যান্ডের কম্পিউটার অপরাধ আইনের আওতায় অভিযোগ আনা হয়েছে। তার স্বামী ফিটনেস ইনফ্লুয়েন্সার ও ব্যবসায়ী আতিপ আনান্তাওয়ান গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।
পানাডার বিরুদ্ধে আনা এই অভিযোগে বলা হয়, নিজের ‘ডু গুড অর্গানাইজেশন ফাউন্ডেশন’-এ পাওয়া অনুদান তিনি ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন। অনুদানের অর্থে তিনি ফুকেটে একটি পুল ভিলাসহ একাধিক সম্পত্তি কিনেছেন।
বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ না করে সেগুলো গুদামে ফেলে রাখারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের কারণে এই দম্পতি ক্রমবর্ধমান জনরোষের সম্মুখীন হচ্ছেন।
ইনস্টাগ্রামে পানাডার শেয়ার করা ভিডিওতে দেখা যায়, তিনি বন্যার পানিতে সাহসিকতার সঙ্গে কাজ করছেন। তার সহায়তাকারী দল ক্ষতিগ্রস্তদের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছে। ছবিতে তাকে থাইল্যান্ডের দুর্যোগে জীবিকা হারানো মানুষদের সান্ত্বনা দিতেও দেখা যায়।
প্রকাশ্যে পানাডার সমালোচনা করা দাতাদের একজন হলেন ড. খোংকোয়ান ফুজিনিরুন। পানাডার ফাউন্ডেশনে প্রায় ২ হাজার ২২০ পাউন্ড দান করার পর তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
ড. খোংকোয়ান ফুজিনিরুন বলেন, ‘আমরা এমন এক চোরের কথা বলছি, যিনি সাধুর ছদ্মবেশে ছিলেন। তিনি সারা দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।’
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন পানাডা দম্পতির আর্থিক লেনদেন ও সমস্ত সম্পদের উৎস খতিয়ে দেখছে। এই মামলার সঙ্গে সংশ্লিষ্ট চারটি স্থানে তল্লাশি চালিয়েছে তারা।

এনটিভি অনলাইন ডেস্ক