হরমুজ প্রণালিতে মার্কিন ‘গুপ্তচর’ ড্রোন আটকের দাবি ইরানের
হরমুজ প্রণালির পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের ‘গুপ্তচর’ ড্রোন ভূপাতিত বা অবতরণ করিয়ে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আইআরজিসির নৌবাহিনী বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি করা হয়। খবর আলজাজিরার।
বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, তাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট বা ইলেকট্রনিক যুদ্ধ ইউনিটের সদস্যরা হরমুজ প্রণালির পশ্চিমাঞ্চলে মার্কিন সন্ত্রাসী সামরিক বাহিনীর একটি ‘গুপ্তচর’ ড্রোন (এমকিউএম-১৭০) নিরাপদে অবতরণ করাতে সক্ষম হয়েছেন।
ইরানি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালির উপকূলীয় অঞ্চলে থাকা ইসলামী প্রজাতন্ত্র ইরানের আকাশ প্রতিরক্ষার অবস্থানগুলো শনাক্ত করাই ছিল ওই ড্রোনের মূল মিশন। আইআরজিসি নৌবাহিনীর বিশেষজ্ঞদের উদ্ধার করা তথ্যের ভিত্তিতে জানা গেছে, এই ড্রোনটির উড্ডয়ন শুরু হয়েছিল পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলীয় উপকূলের কোনো একটি দেশের ভূখণ্ড থেকে।
এর আগে একই দিনে হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে ইরানের আকাশসীমায় আরও একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার ঘোষণা দিয়েছিল আইআরজিসি। একের পর এক মার্কিন ড্রোন আটকের এই দাবি দুই দেশের মধ্যে চলমান সামরিক উত্তেজনাকে আরও বহুগুণ বাড়িয়ে তুলেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

এনটিভি অনলাইন ডেস্ক