ঐতিহাসিক লর্ডসে নেপালের বিপক্ষেও খেলবে বাংলাদেশ
ক্রিকেটের তীর্থস্থানখ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের সূচিতে যুক্ত হলো আরেকটি ম্যাচ। মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আয়োজনে আগামী বছর ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ শেষে নেপালের বিপক্ষে একটি টি-টোয়েন্টি খেলবেন লিটন দাস, তাওহিদ হৃদয়রা।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি জানিয়েছে, আগামী ৩ জুন লর্ডসে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। একই দিন এই মাঠে টি-টোয়েন্টি ব্লাস্টের একটি ম্যাচও খেলবে মিডলসেক্স।
ঐতিহাসিক লর্ডসে এটিই হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এর আগে ২০১৮ সালের জুলাইয়ে নেদারল্যান্ডস ও নেপালের ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার পর থেকে ক্রিকেটের ঐতিহ্যবাহী এই মাঠে আর কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়নি। সেই বিরতির পর আবারও এই ভেন্যুতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফিরছে বাংলাদেশ-নেপাল ম্যাচ দিয়ে।
এদিকে, আগামী বছরের মে মাসে ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। শুরুতে কেবল ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচের কথা থাকলেও পরে তাতে আয়ারল্যান্ডের বিপক্ষে আরেকটি টেস্ট যোগ হয়। এখন সেই সফরে নেপালের বিপক্ষে এই টি-টোয়েন্টি ম্যাচটিও যুক্ত হলো।
সফরের শুরুতে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ, যার তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এরপর ২৮ মে লর্ডসে শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট। আগের পরিকল্পনা অনুযায়ী ওই টেস্ট খেলেই দেশে ফেরার কথা ছিল টাইগারদের, তবে নতুন সূচিতে বাড়ল আরও কয়েকটি দিন।
এমসিসি আয়োজিত এই সফরে নেপালও বেশ ব্যস্ত সময় পার করবে। প্রথমে স্কটল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে খেলবে তারা। এরপর বাংলাদেশের বিপক্ষে লর্ডসে একমাত্র টি-টোয়েন্টি খেলে পরে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নেপাল।
তবে লর্ডসে মুখোমুখি হওয়ার আগেই নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী বছরের ২৬, ২৮ ও ৩০ মার্চ নেপালের কীর্তিপুরে অনুষ্ঠিত হবে এই সিরিজের ম্যাচ তিনটি।

স্পোর্টস ডেস্ক