সিলেট টেস্ট
একশ পেরোলো উইন্ডিজ, প্রাপ্তি তাইজুলের এক উইকেট
গতকাল ব্যাট হাতে বাংলাদেশের বিপর্যয় সামাল দিয়ে দলকে লড়াইয়ে ফিরিয়েছিলেন তাওহিদ হৃদয়। তার ডাবল সেঞ্চুরিতে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় ইনিংসে ৩০ রানের লিড পেয়েছিল বাংলাদেশ। তবে সেই স্বস্তি খুব বেশিক্ষণ স্থায়ী হতে দিচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। রান তাড়ায় নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিচ্ছে সফরকারীরা। যদিও দিনের শুরুতে জশুয়া ডা সিলভাকে ফিরিয়ে প্রতিপক্ষের উদ্বোধনী জুটি ভেঙেছেন তাইজুল ইসলাম।
আজ রোববার (৮ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। দিনের খেলা শুরু হয়েছিল ৭ রান নিয়ে। সেখান থেকে দ্রুত রান তুলতে থাকেন দুই ওপেনার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১০২ রান।
৮৫ রানের মাথায় এসে ভাঙে ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেট। তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন জশুয়া ডা. সিলভা। গুরুত্বপূর্ণ এই উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দেন অভিজ্ঞ এই স্পিনার। এর মধ্য দিয়ে প্রতিপক্ষের গড়ে ওঠা জুটিতেও ছেদ পড়ে।
উইকেট হারালেও এখনো বেশ ভালো অবস্থানে রয়েছে সফরকারীরা। ক্রিজে থিতু হয়ে ব্যাট করছেন ব্রেন্ডন কিং। মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮১ রানে অপরাজিত ছিলেন তিনি। এবার সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসেও পেলেন ফিফটি। টেস্ট ক্যারিয়ারে এটা ব্রেন্ডন কিংয়ের ষষ্ঠ ফিফটি। অন্য প্রান্তে নতুন ব্যাটসম্যান হিসেবে যোগ দিয়েছেন কেভাম হডজ। উইকেটে সময় কাটিয়ে বড় জুটি গড়াই এখন তাদের লক্ষ্য।
তাইজুলের এই উইকেট বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হলেও সামনে আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে বোলারদের জন্য। চতুর্থ দিনের প্রথম সেশনে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের গতি থামিয়ে দিতে না পারলে নিজেদের অবস্থান আরও শক্ত করার সুযোগ পাবে সফরকারীরা।

স্পোর্টস ডেস্ক