জোহানেসবার্গ টেস্ট
দেড়শ ছাড়ানো লিড নিয়ে থামল দক্ষিণ আফ্রিকা
তৃতীয় দিন যে আশা জাগিয়ে শেষ করেছিল বাংলাদেশ, চতুর্থ দিন সকালে সেটি পূরণ করতে পারল না। আবারও ক্যাচ ফেলে দিয়ে হতাশা বাড়াল টাইগাররা। সেই মাশুলও বেশ ভালোই দিতে হয়েছে। দারুণ ব্যাটিংয়ে প্রথম সেশনটা প্রায় কাটিয়ে দিল তারা। এরপর হঠাৎ পাওয়া ছন্দে বাকি তিন উইকেট তুলে নেয় বাংলাদেশ। তার আগেই অবশ্য দেড়শ রানের লিড পেয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) জোহানেসবার্গ টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে নিজেদের প্রথম ইনিংসে ১২২.২ ওভার ব্যাট করে সবগুলো উইকেট হারিয়ে ৫৫৭ রান করেছে দক্ষিণ আফ্রিকা। এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪০০ রান করেছিল। ফলে ১৫৭ রানের লিড পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
চতুর্থ দিনে বাংলাদেশ যে সুযোগ পায়নি ঠিক তা-না। তাসকিন আহমেদের বলে ক্যাচ দিয়েছিলেন কাগিসো রাবাদা। কিন্তু স্লিপে দাঁড়ানো বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সেটি তালুবন্দি করতে পারেননি। ক্যাচ মিসের সেই সুযোগ কাজে লাগিয়ে হাফসেঞ্চুরি তুলে নেন রাবাদা। শেষ পর্যন্ত তিনি ফেরেন ৯৩ বলে ৭২ রান করে মেহেদী হাসান মিরাজের বলে স্টাম্পিং হয়ে।
এর দুই ওভার আগেই অবশ্য বাংলাদেশকে দিনের প্রথম উইকেট এনে দেন মিরাজ। ইনিংসের ১১৪তম ওভারে রায়ান রিকেল্টনকেও ফেরান স্টাম্পিং করে। রিকেল্টন ফিরলে ভাঙে নবম উইকেটে ১৪৮ বলে ১১৭ রানের জুটি। এর আগেই ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন রিকেল্টন।
আগের দিন চোট মাঠ ছাড়া প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা আজ আবারও মাঠে নামেন। শেষ উইকেটে ডেন পিটারসনের সঙ্গে জুটি গড়েন তিনি। এই জুটিতে দ্রুত গতিতে রান তুলতে থাকেন তারা। ৫২ বলে ৪৫ রান করেন এই দুজন। যেখানে বেশি অবদান অবশ্য পিটারসনের। সমান দুটি করে চার আর ছক্কায় ২৭ বলে ২৯ রান করেন তিনি।
এরপর ইবাদত হোসেনকে উঁড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন হাসান মাহমুদের হাতে। তবে হাফসেঞ্চুরি তুলে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন বাভুমা। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ১৩৮ বলে ৬৮ রানে। দক্ষিণ আফ্রিকা থামে ৫৫৭ রানে।
এর আগে ৩ উইকেট হাতে রেখে ৩৮৬ রান নিয়ে চতুর্থ দিন মাঠে নামে দক্ষিণ আফ্রিকা। অপরাজিত থেকে মাঠে নামেন রায়ান রিকেল্টন আর কাগিসো রাবাদা।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস : ১০১.২ ওভারে ৪০০/১০
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস : ১২৪.১ ওভারে ৫৫৭/১০ (মার্করাম ৪, হামজা ৮৩, একারম্যান ১৫৭, ব্রিটজকে ২, মুল্ডার ০, ইয়ানসেন ৮, হারমার ১, রিকেল্টন ১০২, রাবাদা ৭২, পিটারসন ২৯, বাভুমা ৬৮*; তাসকিন ২৮-৪-১২৪-২, হাসান ৩০.৪-৩-১১৮-৪, ইবাদত ১৪.১-২-৬০-১, মিরাজ ৩৫.২-৪-১৬৫-২, মুমিনুল ১৬-১-৭২-০)।

স্পোর্টস ডেস্ক