জোহানেসবার্গ টেস্ট
কাণ্ডজ্ঞানহীন ব্যাটিংয়ে শুরুতেই দুই উইকেট হারাল বাংলাদেশ
একটু আগে যে উইকেটে দক্ষিণ আফ্রিকার বোলাররাও সাবলীল ব্যাটিংয়ে চার-ছক্কা হাঁকালেন, বাংলাদেশ ব্যাটিংয়ে নামতেই যেন বদলে গেল সেই উইকেট। উইকেট হয়ে উঠল বোলারদের জন্য সহায়ক। ১০ ওভারের মাঝেই টপঅর্ডারের দুই উইকেট হারাল বাংলাদেশ।
আজ বুধবার (১৮ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে নিজেদের দ্বিতীয় ইনিংসে এই রিপোর্ট লেখা পর্যন্ত ১০ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ১৩ রান করেছে বাংলাদেশ। এখনো পিছিয়ে আছে ১৪৪ রানে।
ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই হাঁসফাঁস করছিলেন তানজিদ হাসান তামিম। একবার আম্পায়ার আউটও দিয়েছিলেন। তবে বেঁচে গিয়েছিলেন রিভিউ নিয়ে। কিন্তু ফিরে পাওয়া জীবন কাজে লাগাতে পারেননি তিনি। ইনিংসের অষ্টম ওভারে মার্কো ইয়ানসেনের বলে ক্যাচ দেন উইকেটের পেছনে। ২১ বলে ৪ রান করে দেখেন সাজঘরের পথ।
এরপর উইকেটে এসেছিলেন দলের দ্বিতীয় অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। কিন্তু অভিজ্ঞ এই ব্যাটার ফিরলেন কাণ্ডজ্ঞানহীন ব্যাটিংয়ে। নবম ওভারে রাবাদার অফস্ট্যাস্পের বাইরের বল খেলতে গিয়ে ইনসাইড এজে বোল্ড হয়ে হয়ে যান মুমিনুল (৩ বলে ১ রান)। বলটি এমন ছিল যে, চাইলেই ছেড়ে দিতে পারতেন মুমিনুল।
দেড়শ ছাড়ানো লিড নিয়ে থামল দক্ষিণ আফ্রিকা
এর আগে তৃতীয় দিন যে আশা জাগিয়ে শেষ করেছিল বাংলাদেশ, চতুর্থ দিন সকালে সেটি পূরণ করতে পারল না। আবারও ক্যাচ ফেলে দিয়ে হতাশা বাড়াল টাইগাররা। সেই মাশুলও বেশ ভালোই দিতে হয়েছে। দারুণ ব্যাটিংয়ে প্রথম সেশনটা প্রায় কাটিয়ে দিল তারা। এরপর হঠাৎ পাওয়া ছন্দে বাকি তিন উইকেট তুলে নেয় বাংলাদেশ। তার আগেই অবশ্য দেড়শ রানের লিড পেয়ে যায় দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত তারা থামে ৫৫৭ রানে। লিড পায় ১৫৭ রানের।

স্পোর্টস ডেস্ক