‘মেসি ও আর্জেন্টিনাকে একটুও বিশ্বাস করি না’
বিশ্বকাপের জমজমাট ফাইনালের অপেক্ষায় গোটা ফুটবল বিশ্ব। প্রিয় দলের শিরোপা উদযাপন দেখার যেন তর সইছে না ভক্ত-সমর্থকদের। ফুটবল বিশ্ব যখন ফাইনালের উন্মদনায় হওয়ার অপেক্ষায়, তখন চারিদিকে ভেসে বেড়াচ্ছে নানা আলোচনা আর বিশ্লেষণ। বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে চ্যাম্পিয়ন দল বেছে নিচ্ছেন বিশ্লেষকরা।
বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে স্পেনকে ফেভারিট মানলেও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্প্যানিশ গণমাধ্যম ব্যক্তিত্ব ডেভিড সানচেজ। তার মতে, লিওনেল স্কালোনির দল যেকোনো পরিস্থিতিতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখে, তাই তাদের বিপক্ষে বাড়তি সতর্কতা জরুরি।
‘লা ত্রিবু’ নামক এক অনুষ্ঠানে ফাইনাল বিশ্লেষণ করতে গিয়ে ডেভিড সানচেজ বলেন, ‘আগামী রোববারের ম্যাচের আগে স্পেন সমর্থকদের মধ্যে একটা ভয় কাজ করছে। আমি মনে করি, আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে এমন ভয় থাকা খারাপ নয়, বরং দরকার।’
তবে এই সতর্কতার মাঝেও স্পেনের ওপর আস্থা হারাচ্ছেন না তিনি। তার ভাষায়, ‘আমি এখনো মনে করি, স্পেন আর্জেন্টিনার চেয়ে অনেক ভালো দল। লুইস দে লা ফুয়েন্তের দল লিওনেল মেসির দলের চেয়ে অনেক ভালো ফুটবল খেলে।’
একই সঙ্গে আর্জেন্টিনার অভিজ্ঞতা ও বাস্তবতা বোঝার ক্ষমতার কথাও তুলে ধরেন সানচেজ। তিনি বলেন, ‘আর্জেন্টিনা শুধু ফুটবলই খেলতে জানে না, তারা অন্য ধরনের খেলাও জানে, যেখানে স্পেন তাদের মতো অভিজ্ঞ নয়।’
তার মতে, ম্যাচ স্বাভাবিকভাবে এগোলে শিরোপা জয়ের সম্ভাবনা স্পেনেরই বেশি, ‘সব কিছু স্বাভাবিক থাকলে নিউইয়র্কে স্পেনের অধিনায়কদের বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার কথাই ভাবা যায়।’ তবে আত্মবিশ্বাসের সঙ্গে বাড়তি সতর্কতার কথাও মনে করিয়ে দেন এই বিশ্লেষক। তিনি বলেন, ‘আত্মবিশ্বাস যেন কখনোই আত্মতুষ্টিতে না গড়ায়।’
এরপর নিজের অবস্থান স্পষ্ট করে সানচেজ বলেন, ‘আমার কাছে এখনো স্পেনই ফেভারিট। কিন্তু মেসি ও আর্জেন্টিনাকে আমি একটুও বিশ্বাস করি না।’

স্পোর্টস ডেস্ক