সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জে মাঠে নামছে বাংলাদেশ
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। তবে সিরিজের শুরুটা ভালো হয়নি টাইগারদের। প্রথম ম্যাচেই হেরে বসেছে স্বাগতিক প্রোটিয়াদের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে এখন তাই লক্ষ্য অন্তত সিরিজ বাঁচানোর। সেজন্য জয়ের বিকল্প নেই টাইগারদের।
সোমবার (২৩ নভেম্বর) সেঞ্চুরিয়নে সুপারস্পোর্ট পার্কে বাংলাদেশ সময় দুপুর ২টায় দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার নামছে বাংলাদেশ। বাংলাদেশে টেলিভিশনে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। অনলাইনে দেখা যাবে স্পোর্টসজিফাই, ক্রীড়া টিভির মতো প্ল্যাটফর্মগুলোতে।
প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করেও ৯ উইকেটে হেরেছে সফরকারীরা। প্রথম টেস্টের ভেন্যু জোহানেসবার্গে এত বড় পুঁজি গড়ে আগে কোনো দল ম্যাচ হারেনি। কিন্তু সেই অনাকাঙ্ক্ষিত ইতিহাসের অংশ হয়ে গেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতা উপহার দিয়ে ৯ উইকেটের বড় হার দেখে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ব্যাটিং লাইনআপের সামনে বাংলাদেশের পেস বোলিংকেও এলোমেলো ও ছন্দহীন লেগেছে। তবে পারফরম্যান্সের চেয়েও বেশি আলোচনা হয়েছে পেসারদের ওপর কাজের চাপ নিয়ে। বিশেষ করে হাসান মাহমুদের টানা বোলিং নিয়ে।
অতিরিক্ত বোলিংয়ের ধকলে চোটে পড়েছেন হাসান। যে কারণে শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি। বল পুরোনো হয়ে যাওয়ার পর ক্লান্ত দেখা গেছে তাসকিন আহমেদকেও। তৃতীয় পেসার ইবাদত হোসেনের এলোমেলো বোলিংয়ে তাসকিন ও হাসানের ওপর চাপ আরও বেড়ে গেছে।
পাশাপাশি প্রশ্ন উঠেছে, সিরিজে ভালো ছন্দে থাকা শরিফুল ইসলাম বা সৈয়দ খালেদ আহমেদের মতো পেসারদের কেন একাদশে রাখা হয়নি। এদিকে কুঁচকির চোটে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকেও হারিয়েছে বাংলাদেশ। ফলে দ্বিতীয় টেস্টের একাদশে বেশ কিছু বদল আনতে হবে দলকে।
তবে প্রথম ম্যাচে বাংলাদেশের হারের পেছনে ব্যাটিং এবং বোলিংয়ের পাশাপাশি বড় দায় ছিল ক্যাচ মিসেরও। দুই ইনিংসেই বারবার ক্যাচ ফেলে প্রোটিয়া ব্যাটারদের সুযোগ করে দিয়েছে বাংলাদেশের ফিল্ডাররা। সেই সুযোগ কাজে লাগিয়েছেন তারাও। গড়েছেন রানের পাহাড়। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে হলে এগুলোতেও নজড় দিতে হবে বাংলাদেশকে।
দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে ভালো খেলার সামর্থ্য নিয়ে নানা কথা থাকলেও প্রথম টেস্টে ভালো করেছে বাংলাদেশের দুই ব্যাটার লিটন দাস ও তাওহিদ হৃদয়। তাদের ফর্মে থাকা বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে বাংলাদেশকে।
তবে পরিসংখ্যানে যোজন যোজন পিছিয়ে থেকেই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে। পরিসংখ্যান বলছে, দুই দলের আগের ১৭ টেস্টের ১৫টিতে হেরেছে বাংলাদেশ। বাকি দুটি ম্যাচ বৃষ্টির কারণে ড্র হয়েছে। ১৫টি হারের মধ্যে ৯টিতেই ইনিংস ব্যবধানে হেরেছে টাইগাররা।
পুরোনো হার ভুলে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়ে পেসার খালেদ আহমেদ বলেন, ‘পরিস্থিতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে সবাই। আলহামদুলিল্লাহ, অনুশীলনও বেশ ভালো হচ্ছে। ইতোমধ্যে যা ঘটে গেছে, তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো মানে নেই। কীভাবে সামনে এগিয়ে যাওয়া যায়, এখন সবাই সেদিকেই মনোযোগ দিচ্ছে।’

স্পোর্টস ডেস্ক