বুটজোড়া তুলে রাখলেন বিশ্বকাপজয়ী হুয়ান মাতা
একসময় মাঠে তার পায়ের জাদুতে মুগ্ধ হয়েছে ফুটবল বিশ্ব। বিশ্বকাপ থেকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, চ্যাম্পিয়নস লিগ থেকে ইউরোপা লিগ, ক্যারিয়ারের ঝুলিতে জমা হয়েছে একের পর এক সাফল্য। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে মাতিয়েছেন সমর্থকদের। সেই বর্ণিল অধ্যায়ের এবার সমাপ্তি টানলেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ৩৮ বছর বয়সে পেশাদার ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন এই স্প্যানিশ তারকা।
বুধবার (১৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দিয়ে ফুটবলের সঙ্গে নিজের সম্পর্কের কথা তুলে ধরেন মাতা। তিনি বলেন, ‘ফুটবল কখনোই আমার জীবন থেকে চলে যাবে না। খেলাটিকে ভালোবাসা অব্যাহত রাখার অনেক উপায় রয়েছে। উন্নয়নের মাধ্যম হিসেবে ফুটবলকে কাজে লাগানোরও অনেক সুযোগ রয়েছে। আমি হয়তো পেশাদার ফুটবল খেলা বন্ধ করছি, কিন্তু কখনোই একজন ফুটবলার হওয়া বন্ধ করব না।’

স্পোর্টস ডেস্ক