তিক্ত হয়ে উঠেছে মেসি ও এএফএর সম্পর্ক
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ও লিওনেল মেসির মধ্যকার সম্পর্কে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। নিজের ভাবমূর্তি ও বাণিজ্যিক স্বার্থ সুরক্ষায় এএফএর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ক্লারিন-এর এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, মেসি ইতোমধ্যে একটি আইনজীবী দল নিয়োগ করেছেন। তার অনুমতি ছাড়া কোনো বাণিজ্যিক প্রচারণায় নাম ও ছবি ব্যবহার না করতে এএফএকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া ও কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোকে ঘিরে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগও এই বিরোধের অন্যতম কারণ বলে দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনার বিভিন্ন ক্লাবের জন্য বরাদ্দ অর্থ বিদেশে ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে সরিয়ে নেওয়ার অভিযোগে সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।
তবে মেসি ও এএফএর বাণিজ্যিক স্বার্থ নিয়ে বিরোধ এবারই প্রথম নয়। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে একটি আর্জেন্টাইন বিয়ার কোম্পানির বিজ্ঞাপনে মেসির ছবি ব্যবহারের অনুমতি দিয়েছিলেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া। অভিযোগ রয়েছে, এ ক্ষেত্রে মেসির সম্মতি নেওয়া হয়নি। এতে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বিয়ার কোম্পানির সঙ্গে মেসির একচেটিয়া স্পনসরশিপ চুক্তি জটিলতার মুখে পড়ে।
এ ছাড়া মেসির অংশগ্রহণ নিশ্চিত না করেই ‘মেসি খেলবেন’- এমন প্রচারণা চালিয়ে প্রীতি ম্যাচ আয়োজন এবং বাণিজ্যিক সুবিধা নেওয়ার বিষয়টিও তার অসন্তোষের কারণ বলে জানা গেছে।
সম্পর্কের অবনতিতে নতুন মাত্রা যোগ করে মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে মেসির বিদায়ী ম্যাচ ঘিরে তৈরি হওয়া বিতর্ক। ম্যাচ চলাকালে শব্দ ও আলোকসজ্জায় একাধিক ত্রুটির কারণে সমালোচনার মুখে পড়ে এএফএ। এ সময় দর্শকদের একাংশ সংস্থাটির সভাপতি ক্লদিও তাপিয়াকে দুয়ো দেন। পরে এসব সমস্যার জন্য স্টেডিয়ামের মালিক রিভার প্লেটকে দায়ী করার চেষ্টা করা হলেও ক্লাবটি সেই অভিযোগ প্রত্যাখ্যান করে।
এখন পর্যন্ত মেসি কিংবা এএফএ- কোনো পক্ষই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি। তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যমের দাবি, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দুই পক্ষের মধ্যে আইনি লড়াই শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্পোর্টস ডেস্ক