তৃণমূলের ক্রিকেট নিয়ে বড় পরিকল্পনা জানালেন তামিম
দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রিকেটার তুলে আনতে ঢাকার বাইরে বড় পরিসরে একাডেমি চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিকভাবে দেশের সাতটি শহরে একযোগে এই একাডেমিগুলো শুরু করার পরিকল্পনা করা হয়েছে। এসব একাডেমিতে নির্বাচিত ৫০ থেকে ৬০ জন করে তরুণ ক্রিকেটার সম্পূর্ণ বিনা খরচে অনুশীলনের সুযোগ পাবেন। আগামী কয়েক মাসের মধ্যেই মাঠের কার্যক্রম শুরু করার আশাবাদ ব্যক্ত করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
আজ রোববার (২২ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এই পরিকল্পনার কথা তুলে ধরেন তামিম। তিনি বলেন, স্থানীয়ভাবে গড়ে ওঠা ক্রিকেট একাডেমিগুলোর প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, বরং তাদের সহায়ক হিসেবেই কাজ করবে বিসিবির এই একাডেমিগুলো।
তামিম ইকবাল বলেন, ‘বিসিবি একসঙ্গে সাত থেকে আটটি শহরে একাডেমি চালু করতে যাচ্ছে। তবে আমরা স্থানীয় একাডেমিগুলোকে কোনোভাবেই চ্যালেঞ্জ করতে চাই না। স্থানীয় একাডেমিগুলো থাকা খুবই জরুরি। কারণ, তারাই খেলোয়াড় তৈরি করে।’
নতুন একাডেমি চালু করতে খুব বড় বিনিয়োগ লাগবে বলে মনে করছেন না বিসিবি সভাপতি। তিনি বলেন, দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় আগে থেকেই মাঠ, উইকেট, ইনডোর সুবিধা ও কোচ রয়েছেন। বিসিবিকে বাড়তি করে শুধু বল ও প্রয়োজনীয় সরঞ্জাম দিলেই চলবে।
তামিম বলেন, ‘সিলেটে যদি একটা একাডেমি হয়, সেখানে মাঠ আছে, উইকেট আছে, ইনডোরও আছে। আমার কী লাগবে একাডেমি শুরু করতে? বল আর কাপড়। আমার সব সুযোগ-সুবিধা আছে। একইভাবে চট্টগ্রাম, খুলনা, বগুড়া ও বরিশালেও। কোচও আছে। জেলা ও বিভাগীয় কোচদের আমরা বেতন দিই। তারা তিন-চার মাস কাজ করার পর অনেক সময় আর কাজ থাকে না। এই একাডেমিগুলো চালু হলে তারাও কাজ করার সুযোগ পাবেন।’
বর্তমানে বয়সভিত্তিক ক্রিকেটে খেলোয়াড় বাছাইয়ের নিয়মেও বদল আনতে চান তামিম। তিনি জানান, অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ দলের খেলোয়াড়দের বয়স যাচাইয়ের পরপরই টুর্নামেন্ট শুরু হয়ে যায়। নতুন একাডেমি চালু হলে আরও আগে থেকে বাছাই শুরু করা যাবে, ফলে নির্বাচিত ক্রিকেটাররা মাঠে নামার আগে কয়েক মাস প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন।
তামিম বলেন, ‘এখন আমাদের প্রক্রিয়াটা কী? এক সপ্তাহ আগে তাদের বয়স পরীক্ষা করা হয়, এরপর এক সপ্তাহের মধ্যে খেলা শুরু হয়ে যায়। আমি যদি এই প্রক্রিয়াটা চার মাস আগে শুরু করি, তাহলে চার মাস আগে তাদের বয়স যাচাই হবে। এরপর চার মাস তারা বিসিবি একাডেমিতে প্রশিক্ষণ নেবে। তারপর খেলতে যাবে। এতে তারা অনেক বেশি প্রস্তুত থাকবে।’
একাডেমিগুলোতে অনুশীলনের জন্য নির্বাচিত ক্রিকেটারদের কোনো টাকা দিতে হবে না। পুরো খরচই বহন করবে বিসিবি। সপ্তাহে তিন দিন—বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার অনুশীলন চালানোর পরিকল্পনা রয়েছে। যাতে তরুণ ক্রিকেটারদের পড়াশোনায় কোনো সমস্যা না হয়।
তামিম বলেন, ‘আমরা চেষ্টা করব বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার একাডেমিগুলো পরিচালনা করতে, যাতে তাদের পড়াশোনায় কোনো সমস্যা না হয়। যাদের আমরা নির্বাচন করবো, ৫০ জন হোক বা ৬০ জন তাদের প্রশিক্ষণ সম্পূর্ণ বিনা খরচে হবে। বিসিবি সবকিছুর দায়িত্ব নেবে।’
প্রাথমিকভাবে যেসব শহরে দরকারি সুবিধা রয়েছে, সেখানেই আগে একাডেমি চালু করা হবে। পরে ধাপে ধাপে দেশের অন্যান্য জেলা ও শহরেও এই কার্যক্রম ছড়িয়ে দেওয়ার ভাবনা রয়েছে বোর্ডের। এ জন্য সংশ্লিষ্ট জেলা বা বিভাগকে নিজেদের ইনডোর সুবিধা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তামিম।
তিনি বলেন, ‘আমি চাই একসময় ৬৪টি বিসিবি একাডেমি হোক। তবে এর জন্য ন্যূনতম সুযোগ-সুবিধা থাকতে হবে। শুরুতে ছয়-সাতটি শহর নিয়ে এগোবো। এরপর প্রতি বছর বা দুই বছর পরপর পর্যালোচনা করে এক বা দুটি করে একাডেমি বাড়ানোর চেষ্টা করব। কোনো শহর বা বিভাগ যদি নিজেদের উদ্যোগে একটি ইনডোর তৈরি করতে পারে, তাহলে সেখানে নতুন একাডেমি চালুর বিষয়টি আমরা বিবেচনা করবো।’
তামিম আরও জানান, এই পরিকল্পনা নিয়ে পরিচালকদের সঙ্গে কথা হয়েছে এবং সবাই ইতিবাচক সাড়া দিয়েছেন। আগামী ২৮ নভেম্বরের বোর্ড সভায় এটি অনুমোদনের জন্য তোলা হবে। অনুমোদন পেলে আগামী কয়েক মাসের মধ্যেই দেশের বিভিন্ন শহরে একাডেমিগুলোর কার্যক্রম শুরু হতে পারে।
তৃণমূল থেকে ক্রিকেটার তুলে আনার বিষয়ে জোর দিয়ে তামিম বলেন, ‘জাতীয় দলের সাফল্য অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। তবে আমার সবচেয়ে বড় অগ্রাধিকার হলো তৃণমূল থেকে কাজ করে আসা। সুযোগ-সুবিধা তৈরি করা, এমন একটা ব্যবস্থা গড়ে তোলা, যেখানে ছেলেরা তৈরি হবে এবং বাংলাদেশের ক্রিকেট আরও ভালো হবে। শুধু জাতীয় দলকেন্দ্রিক হয়ে থাকলে গত ১০-১৫ বছরে যে কাজগুলো করা দরকার ছিল, সেগুলো আর করা হতো না।’

স্পোর্টস ডেস্ক