উরুগুয়ের কাছে হেরে একাদশে পাঁচ পরিবর্তন আনছে আর্জেন্টিনা
নভেম্বরের ফিফা উন্ডোতে নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে হারের তেতো স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। সেই হতাশা পেছনে ফেলে কোস্টারিকার বিপক্ষে ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া আলবিসেলেস্তেরা। আসন্ন এই ম্যাচে শুরুর একাদশে চার থেকে পাঁচটি পরিবর্তন আনার আভাস দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।
আগামী বুধবার (বাংলাদেশ সময় ভোর ৫টায়) কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর আগে বুয়েনস আইরেসের ঐতিহাসিক লা বোম্বোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা। ওই ম্যাচে হারের ক্ষত মুছে জয়ের ধারায় ফিরতেই এখন মরিয়া স্কালোনির দল।
গত অক্টোবরে প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ম্যাচে মারাত্মক চোয়ালের ইনজুরিতে পড়েছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। অস্ত্রোপচারের পর লম্বা সময় মাঠের বাইরে থাকা এই তারকাকে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে বিশ্রামে রাখা হয়েছিল। তার পরিবর্তে গোলবার সামলেছিলেন হেরোনিমো রুলি।
তবে কোস্টারিকা ম্যাচ দিয়েই আবারও গোলপোস্টে ফিরছেন এমিলিয়ানো। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে কোচের কণ্ঠেও সেই স্বস্তির সুর, ‘এমিলিয়ানো গোলপোস্টের নিচে থাকবে। আগের ম্যাচেও সে খেলার জন্য প্রস্তুত ছিল, তবে সামান্য ঝুঁকি এড়াতে তাকে খেলানো হয়নি। হেরোর ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। কোস্টারিকা ম্যাচে অনুশীলনের ওপর নির্ভর করে আমি একাদশে চার থেকে পাঁচটি পরিবর্তন আনব।’
আর্জেন্টিনার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’-এর প্রতিবেদন বলা হয়েছে, কোস্টারিকার বিপক্ষে একাদশে বেশ কিছু নতুন মুখ দেখা যেতে পারে। রক্ষণভাগে ডান প্রান্তে গনসালো মন্তিয়েলের জায়গায় শুরুর একাদশে দেখা যেতে পারে তরুণ আগুস্তিন গিয়াইকে। অন্যদিকে, বাঁ প্রান্তে নিকোলাস তাগলিয়াফিকোর জায়গায় খেলার জোরালো সম্ভাবনা রয়েছে রোমান ভেগার।
এছাড়া লিসান্দ্রো মার্তিনেজের সঙ্গী হিসেবে রক্ষণ সামলাতে ফাকুন্দো মেদিনাকে সুযোগ দিতে পারেন স্কালোনি। সে ক্ষেত্রে দুই বাঁ পায়ের সেন্টারব্যাক নিয়ে সাজানো হতে পারে রক্ষণভাগ।
মাঝমাঠেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। একুয়েল পালাসিওসের পরিবর্তে ম্যাক্সিমো পেরোনের মাঠে নামার সম্ভাবনা সবচেয়ে বেশি। তার সঙ্গে মিডফিল্ডের দায়িত্ব সামলাবেন তারকা ফুটবলার এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
এছাড়া আক্রমণভাগে থিয়াগো আলমাদার জায়গায় তরুণ জিয়ানলুকা প্রেস্টিয়ান্নিকে সুযোগ দেওয়া হতে পারে। বাকি দুই পজিশনে যথারীতি নিকো পাজ ও হুলিয়ান আলভারেজের ওপরই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট।
র্যাঙ্কিং বা শক্তির বিচারে কোস্টারিকাকে কাগজে-কলমে সহজ মনে হলেও, প্রতিপক্ষকে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ আর্জেন্টিনা কোচ। কোস্টারিকার কোচ গুস্তাভো আলফারোর ভূয়সী প্রশংসা করে স্কালোনি বলেন, ‘তাদের স্কোয়াডে দারুণ কিছু খেলোয়াড় আছে। তাছাড়া তাদের এমন একজন কোচ আছেন যিনি দলকে গুছিয়ে খেলাতে জানেন। বল পায়ে পেলে তারা খুব দ্রুত ম্যাচের গতিপ্রকৃতি বদলে দিতে পারে। ইকুয়েডরের বিপক্ষে তারা দারুণ ফুটবল খেলেছে। সব মিলিয়ে কোস্টারিকা বেশ কঠিন এক প্রতিপক্ষ।’
ম্যাচে দলের খেলার কৌশল নিয়ে স্কালোনি জানিয়েছেন, হারের পরও তারা নিজেদের সহজাত আক্রমণাত্মক স্টাইল বদলাচ্ছেন না। স্কালোনি বলেন, ‘আমরা ঠিক আগের মতোই স্বাভাবিক ফুটবল খেলব, খেলার মূল ছক বদলাচ্ছি না। তবে পরিস্থিতি অনুযায়ী কিছু বেশি আক্রমণাত্মক খেলোয়াড়কে মাঠে নামানো হতে পারে, কিন্তু দলের মৌলিক পরিকল্পনা অপরিবর্তিত থাকবে।’
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ (গোলকিপার), আগুস্তিন গিয়াই, ফাকুন্দো মেদিনা অথবা লিওনার্দো বালেরদি, লিসান্দ্রো মার্তিনেজ, রোমান ভেগা, এনজো ফার্নান্দেজ, ম্যাক্সিমো পেরোনে, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও গিয়ানলুকা প্রেস্টিয়ান্নি।

স্পোর্টস ডেস্ক