কোস্টারিকাকে গোলবন্যায় ভাসাল আর্জেন্টিনা
লিওনেল মেসিকে ছাড়াও যে আর্জেন্টিনা কতটা ভয়ঙ্কর হতে পারে, তারই এক ঝলক দেখা গেল কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচে। প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়ে একের পর এক গোল করে বড় ব্যবধানের জয় তুলে নিয়েছে লিওনেল স্কালোনির দল।
গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) ম্যাচের প্রথমার্ধেই চার গোল করে জয় অনেকটা নিশ্চিত করে ফেলে আর্জেন্টিনা। জোড়া গোল করেন নিকো পাজ ও হুলিয়ান আলভারেজ। তবে বিরতির পর আর মাঠে নামেননি এই দুই গোলদাতা। হ্যাটট্রিকের সম্ভাবনা থাকলেও তাদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেন কোচ স্কালোনি। তাতে অবশ্য আর্জেন্টিনার গোল উৎসবে ভাটা পড়েনি। দ্বিতীয়ার্ধে আরও তিনবার কোস্টারিকার জালে বল পাঠায় বিশ্বচ্যাম্পিয়নরা।
দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার হয়ে আলো ছড়িয়েছেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। বদলি হিসেবে মাঠে নেমে জোড়া গোল করেন এই তরুণ ফুটবলার। একটি গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
ম্যাচটি ছিল মেসি-পরবর্তী আর্জেন্টিনার শক্তি ও সম্ভাবনা যাচাইয়েরও একটি সুযোগ। আগের ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে হারের পর দলকে নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল সমর্থকদের মধ্যে। তবে কোস্টারিকার বিপক্ষে বড় জয় সেই উদ্বেগ অনেকটাই দূর করেছে।
বিশেষ করে তরুণদের পারফরম্যান্স ছিল নজরকাড়া। মেসির ১০ নম্বর জার্সির ভবিষ্যৎ উত্তরসূরি হিসেবে আলোচনায় থাকা নিকো পাজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো দুজনই গোল করে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছেন। প্রথমার্ধে মেসির পজিশনে খেলেছেন পাজ। বিরতির পর সেই জায়গায় তাকে প্রতিস্থাপন করেন মাস্তানতুয়োনো। দুজনেরই নামের পাশে যোগ হয়েছে দুটি করে গোল।
কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। ফিফা র্যাঙ্কিংয়ে ৫৪তম স্থানে থাকা কোস্টারিকা শুরু থেকেই স্বাগতিকদের আক্রমণ সামলাতে হিমশিম খায়।
ম্যাচের অষ্টম মিনিটেই বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন নিকো পাজ। এরপর ৩৫ থেকে ৪৩ মিনিটের মধ্যে আরও তিনবার কোস্টারিকার জালে বল পাঠায় স্বাগতিকরা।
৩৫ মিনিটে হুলিয়ান আলভারেজের নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ হয়। তিন মিনিট পর দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের জোরালো শটে নিজের দ্বিতীয় গোলটি করেন পাজ। বিরতির ঠিক আগে বক্সের বাঁ দিক থেকে দুর্দান্ত শটে নিজের জোড়া গোল পূর্ণ করেন আলভারেজ।
বিরতির পর মাঠে নেমেই গোলের সুযোগ তৈরি করেন মাস্তানতুয়োনো। ৪৮ মিনিটে বক্সের ভেতর থেকে তার নেওয়া প্রথম শটটি আটকে দেন কোস্টারিকার গোলরক্ষক। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাঁকে। পরবর্তী সময়ে গোলের দেখা পান এই তরুণ।
৭৮ মিনিটে বক্সের ভেতর থেকে গোল করে ব্যবধান ৬-০ করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আর ম্যাচের ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে আর্জেন্টিনার সাত গোলের জয় নিশ্চিত করেন মাস্তানতুয়োনো।
মজার ব্যাপার হলো, একই দিনে ব্রাজিলও সিঙ্গাপুরকে ৭-০ গোলে হারিয়েছে। ফলে বছরের শেষ আন্তর্জাতিক বিরতিতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের জয় এসেছে একই ব্যবধানে। তবে আর্জেন্টিনার জন্য এই জয়ের বিশেষ তাৎপর্য হলো, মেসির অনুপস্থিতিতেও দলটির আক্রমণভাগ যে যথেষ্ট শক্তিশালী, তা আবারও প্রমাণিত হয়েছে।

স্পোর্টস ডেস্ক