ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রোনালদো-মদ্রিচ
২০২৬ বিশ্বকাপের শেষ ৩২- এর ম্যাচে মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো আর ক্রোয়েশিয়ার তারকার লুকা মদ্রিচ এ ম্যাচে মাঠে নামলেই গড়তে পারেন নতুন ইতিহাস।
ম্যাচটির ফলাফলের পাশাপাশি সবার নজর থাকবে দুই কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচের দিকে। দুজনই যদি শুরুর একাদশে থাকেন, তাহলে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ৪০ বা তার বেশি বয়সী দুই আউটফিল্ড খেলোয়াড় একে অপরের বিপক্ষে মাঠে নামবেন।
বিশ্বকাপ শুরু আগেই ৪০ বছরে পা দিয়েছেন রোনালদো। অন্যদিকে, মদ্রিচও ছুঁয়েছেন ৪০ বছরের মাইলফলক। ফলে তাদের মুখোমুখি লড়াই বিশ্বকাপ ইতিহাসে এক বিরল অধ্যায় হয়ে উঠতে পারে।
এর আগে ৪০ বছর পার করার পর বিশ্বকাপে খেলা একমাত্র আউটফিল্ড ফুটবলার ছিলেন ক্যামেরুনের কিংবদন্তি রজার মিলা। ১৯৯৪ বিশ্বকাপে রাশিয়ার বিপক্ষে মাঠে নামার সময় তার বয়স ছিল ৪২ বছর ৩৯ দিন। বিশ্বকাপে এর চেয়ে বেশি বয়সে খেলেছেন মাত্র দুজন ফুটবলার, তবে তারা ছিলেন গোলরক্ষক।
এদিকে চলতি আসরে নতুন এক রেকর্ড গড়েছেন বসনিয়া ও হার্জেগোভিনার অধিনায়ক এদিন জেকো। যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ৩২- এর ম্যাচে ৪০ বছর ১০৬ দিন বয়সে মাঠে নেমে তিনি বিশ্বকাপের নকআউট পর্বে খেলা প্রথম চল্লিশোর্ধ্ব আউটফিল্ড খেলোয়াড় হয়েছেন।
এবার সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছেন সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ রোনালদো ও মদ্রিচ। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্যবার একসঙ্গে খেলা এই দুই তারকা এবার প্রতিপক্ষ হিসেবে বিশ্বকাপের মঞ্চে নামতে পারেন, যা ম্যাচটিকে আরও বিশেষ করে তুলেছে।
সবমিলিয়ে পর্তুগাল ও ক্রোয়েশিয়ার এই লড়াই শুধু শেষ ষোলোর টিকিটের জন্য নয়, বিশ্বকাপের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সাক্ষী হওয়ার অপেক্ষাও।

স্পোর্টস ডেস্ক