সিঙ্গাপুরের বিপক্ষে হারের কারণ হিসেবে যা বললেন বাংলাদেশ কোচ
ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হারের পর এবার সিঙ্গাপুরের বিপক্ষেও হেরে বসেছে বাংলাদেশ। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে হেরেছে টমাস ডুলির শিষ্যরা। হারলেও অবশ্য সিঙ্গাপুরের বিপক্ষে লড়াই করেছে বাংলাদেশ
ম্যাচ শেষে পরাজয় সত্ত্বেও দলের পারফরম্যান্স ও লড়াকু মানসিকতা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ দলের হেড কোচ টমাস ডুলি। তার মতে, মালয়েশিয়ার বিপক্ষে আগের ম্যাচের তুলনায় আজকের ম্যাচে ফুটবলাররা সম্পূর্ণ ভিন্ন ও আক্রমণাত্মক মানসিকতা নিয়ে মাঠে নেমেছিল।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে টমাস ডুলি বলেন, ‘ছেলেরা আজ মাঠে যেভাবে ফুটবল খেলেছে, তাতে আমি সন্তুষ্ট। শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল ফুটবল খেলা এবং দেখানো যে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। যদিও আমরা জয় চেয়েছিলাম, কিন্তু বাস্তবতাও বুঝতে হবে যে আমরা কার বিপক্ষে খেলছি। লড়াইটা সহজ নয়, কিন্তু আজ আমরা সমান তালে লড়াই করেছি।’
ম্যাচে শুরু থেকে বাংলাদেশের ফুটবলার খেলায় আত্মবিশ্বাসের দারুণ ছাপ দেখা গেছে। প্রায় পুরোটা সময়ই দারুণ লড়াই করেছেন হামজা-শমিতরা। তবে প্রথমার্ধের কুলিং ব্রেকের পর কিছুটা সময় ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিঙ্গাপুর। বাংলাদেশ গুছিয়ে ওঠার আগেই সুযোগ কাজে লাগিয়ে সেটপিস থেকে গোল আদায় করে সিঙ্গাপুর।
ফুটবলে বড় দলগুলোর বড় গুণ হলো তারা প্রতিপক্ষের সামান্য ভুলের সুযোগটুকুও হাতছাড়া করে না। সেটিকে সহজেই গোলে রূপান্তর করে। সিঙ্গাপুরের বিপক্ষে হারের মূল কারণ ব্যাখ্যা করতে গিয়ে এই বিষয়টিই সামনে নিয়ে এসেছেন কোচ ডুলি। তিনি জানান, ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অন্তত ৩৪ ধাপ এগিয়ে রয়েছে সিঙ্গাপুর।
ডুলি বলেন, ‘এই আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে পেরে আমরা সত্যিই আনন্দিত। কারণ এখানে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরের মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ মিলছে, যারা সবাই ফিফা র্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে অনেক এগিয়ে রয়েছে।’
এমন বড় দলগুলোর বিপক্ষে রাতারাতি শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন না ডুলি। ভুল থেকে শিক্ষা নিতে চান তিনি। বাংলাদেশ কোচ বলেন, ‘র্যাঙ্কিং তো আর এমনি এমনি নির্ধারিত হয় না, এর পেছনে বড় একটা মানদণ্ডের পার্থক্য থাকে। আমরা এখানে এসে রাতারাতি সবাইকে হারিয়ে শিরোপা নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছি না, বরং এই ম্যাচগুলোর মাধ্যমে নিজেদের ভুলগুলো খুঁজে বের করে তা থেকে শিক্ষা নিতে এসেছি।’
টানা দুই ম্যাচ হেরে আসিয়ান কাপের শিরোপা লড়াই থেকে ছিটকে গেছে হামজা চৌধুরী-জামাল ভুঁইয়ারা। বর্তমানে তিন পয়েন্ট পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে মালয়েশিয়া। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় যথাক্রমে তিন ও চার নম্বরে রয়েছে ইন্দোনেশিয়া আর সিঙ্গাপুর।

স্পোর্টস ডেস্ক