এশিয়ান গেমসে বাংলাদেশের লক্ষ্য জানালেন লিটন
পূর্ণ শক্তির দল নিয়ে এশিয়ান গেমস খেলতে গেছে বাংলাদেশ। ফলে এবার পদকের স্বপ্ন দেখছেন সমর্থকরা। তবে সেটি খুব একটা সহজ হবে না বাংলাদেশের জন্য। কারণ এশিয়ার আরও তিনটি দল পূর্ণ শক্তির দল নিয়েই অংশ নিয়েছে এশিয়ান গেমসে–ভারত, পাকিস্তান আর শ্রীলঙ্কা। ফলে বাংলাদেশের পদক জয় যে সহজ হবে না, সেটি জানা আছে অধিনায়ক লিটন দাসেরও।
এশিয়ান গেমসে উড়াল দেওয়ার আগেই লিটন জানিয়েছিলেন, ফাইনাল খেলাই প্রধান লক্ষ্য বাংলাদেশের। আবারও সেটিই পূণর্ব্যক্ত করলেন তিনি। আগামীকাল মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে এসে দলের লক্ষ্যের কথা জানান লিটন।
লিটন বলেন, ‘দেশ ছাড়ার আগেই আমি বলেছিলাম যে, আমাদের সবার প্রথম ও প্রধান লক্ষ্য হলো ফাইনালে পৌঁছানো। সোনা বা পদক আমরা পাব কি না, সেটা পরের বিষয়। তবে তার আগে আমাদের আগামীকালের ম্যাচটা অনেক ভালো খেলতে হবে। আপাতত আমরা কেবল কালকের ম্যাচটার দিকেই পুরো মনোযোগ দিচ্ছি।’
এবারের এশিয়ান গেমসে এর আগে মেয়েদের ক্রিকেট দল সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি। ব্রোঞ্জের লড়াইয়ে পাকিস্তানের কাছে হেরে খালি হাতে ফিরতে হয়েছে তাদের। এছাড়া অন্য সব ইভেন্ট মিলিয়ে দেশের ঝুলিতে কেবল উশুতে জেতা একটিমাত্র ব্রোঞ্জ পদক জমা পড়েছে।
এমন পরিস্থিতিতে দেশের কোটি ক্রিকেটপ্রেমীর বাড়তি প্রত্যাশার চাপ লিটনদের কাঁধে রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, ‘আপাতত এ নিয়ে কোনো বাড়তি চাপ অনুভব করছি না। আগে আমাদের প্রথম ম্যাচটা খেলতে দিন, ম্যাচটা জিতি তারপর পরবর্তী বিষয়গুলো নিয়ে ভাবব।’
এদিকে মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে বৃষ্টির কারণে বাংলাদেশ দলের প্রস্তুতি সেভাবে মনের মতো হয়নি। ম্যাচের মূল ভেন্যুতে অনুশীলন সেশনগুলো বৃষ্টির কারণে পণ্ড হয়ে যাওয়ায় ম্যাচের আগের দিন বাধ্য হয়ে ফুটবল মাঠেই ঘাম ঝরাতে হয়েছে টাইগারদের। তবে এ নিয়ে দলের কোনো আক্ষেপ বা অভিযোগ নেই জানিয়ে লিটনের।
তিনি বলেন, ‘আমরা দেশ থেকেই পর্যাপ্ত অনুশীলন করে এখানে এসেছি। আমি আগেই খেলোয়াড়দের পরিষ্কার বলেছিলাম যে, জাপানে যাওয়ার পর বৃষ্টির কারণে হয়তো নিয়মিত অনুশীলনের সুযোগ নাও মিলতে পারে। তাই মানসিকভাবে সবাইকে সেভাবেই প্রস্তুত থাকতে হবে।’
জাপানের ক্রিকেট কালচার নিয়ে লিটন দাস বলেন, ‘তাছাড়া এই দেশে ক্রিকেট খেলাটি খুব একটা পরিচিত নয়, ফলে তারা আমাদের সেই মানের সুযোগ-সুবিধা দিতে পারবে কি না, তা নিয়ে আমাদের আগে থেকেই সংশয় ছিল। তবে আমাদের ছেলেরা দেশ থেকেই ভালো প্রস্তুতি নিয়ে এসেছে এবং আমি আশাবাদী তারা মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত।’
খেলোয়াড়রা মানসিকভাবে প্রস্তুত থাকলেও বর্তমান আবহাওয়া শেষ পর্যন্ত কী রায় দেয়, সেটাই এখন বড় প্রশ্ন। কেননা, নিশিনেতে আজ অনুষ্ঠিত হওয়া হংকং-পাকিস্তান এবং আফগানিস্তান-ভারতের মতো কোয়ার্টার ফাইনাল ম্যাচ দুটিও বৃষ্টির কারণে শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি।
টি-টোয়েন্টি ফরম্যাটে তুলনামূলক ভালো র্যাংঙ্কিংয়ের সুবাদে অবশ্য পাকিস্তান ও ভারত সরাসরি সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আগামীকাল বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচটিও যদি বৃষ্টির কবলে পড়ে পরিত্যক্ত হয়, তবে র্যাংঙ্কিংয়ের সুবাদে সেমিফাইনালে শক্তিশালী পাকিস্তানের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে।
ম্যাচে বৃষ্টির শঙ্কা নিয়ে লিটন বলেন, ‘যদি আবহাওয়া খারাপের কারণে ম্যাচ না-ই গড়ায়, তবে তো আমাদের করার কিছুই থাকবে না। আগেই যেমনটা বললাম, বৃষ্টির ওপর তো আর কারোরই কোনো হাত বা নিয়ন্ত্রণ নেই।’
এছাড়া প্রতিপক্ষকে কাবু করতে দলের স্পিন বিভাগ নিয়ে কোনো বিশেষ পরিকল্পনা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার মনে হচ্ছে এখানকার উইকেটটা বোলারদের বেশ ভালো সাহায্য করবে। আমরা তাই আমাদের স্কোয়াডের সেরা বোলারদের নিয়েই একাদশ সাজানোর চেষ্টা করব।’
এর আগে ২০১০ সালে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমস ক্রিকেটের প্রথম আসরেই স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশের ছেলেরা। এরপরের আসরগুলোতে অর্থাৎ ২০১৪ ও ২০২৩ সালের গেমসে ব্রোঞ্জপদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল টাইগারদের।

স্পোর্টস ডেস্ক