শেষের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে হারাল ব্রাজিল
ফ্রান্সের বিপক্ষে হারের পর সমালোচনা হয় ব্রাজিলকে নিয়ে। বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামে ক্রোয়েশিয়ার বিপক্ষে। আজ বুধবার (১ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ব্রাজিল অবশ্য জয় পেয়েছে। শেষ পাঁচ মিনিটে দুই গোল করে জয়ের স্বাদ পায় সেলেসাওরা। ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-১ গোলের জয় তুলে নিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
ম্যাচে প্রথম গোলের দেখা পায় ব্রাজিলই। প্রথমার্ধের যোগ করা সময়ে দলকে এগিয়ে নেন দানিলো। এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় ব্রাজিল। বিরতি থেকে ফিরে গোলের সুযোগ তৈরি করেছিল বেশ কয়েকবার। কিন্তু, চূড়ান্ত ফিনিশিং হচ্ছিল না। উল্টো ৮৪ মিনিটে লভ্রো মাজের গোল করলে সমতায় ফেরে ক্রোয়েশিয়া।
আরেকটি ম্যাচে যখন ড্র কিংবা হার চোখ রাঙাচ্ছিল, ব্রাজিল তখন ঘুরে দাঁড়ায়। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে ইগোর থিয়াগো গোল করলে লিড নেয় ব্রাজিল। ৯২ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি জালে জড়ান বল। উল্লাসে মাতে ব্রাজিল শিবির। তুলে নেয় স্বস্তির জয়।
বল দখলে এগিয়ে ছিল ক্রোয়েশিয়া। ৫৫ শতাংশ সময় বল ছিল তাদের পায়ে। গোলমুখে শটের দিক থেকে এগিয়ে ছিল ব্রাজিল। ১১টি শট নেয় তারা, যার ৭টি অন টার্গেট। অন্যদিকে ক্রোয়েশিয়ার ১০টি শটের মধ্যে অন টার্গেট ছিল ৪টি।

স্পোর্টস ডেস্ক