কলকাতায় ভিনিসিয়াসদের জন্য বিশেষ আয়োজন
প্রথমবারের মতো ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিলকে ঘিরে কলকাতায় এখন বাড়ছে উত্তেজনা। ভিনিসিয়াস জুনিয়রদের আগমনকে সামনে রেখে নেওয়া হচ্ছে বিশেষ সব প্রস্তুতি।
ভারত সফরের আগে অস্ট্রেলিয়ার সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেখান থেকে চার্টার্ড বিমানে করে কলকাতায় পৌঁছানোর কথা রয়েছে সেলেসাওদের। এরপর ৩ অক্টোবর মাঠে গড়াবে ব্রাজিল-ভারতের মধ্যকার একমাত্র প্রীতি ম্যাচটি। এই ম্যাচকে সামনে রেখে ব্রাজিল দলের সফর নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে সর্বভারতীয় ফুটবল সংস্থা।
দীর্ঘ বিমানযাত্রার ধকল এড়াতে ব্রাজিলের জন্য সাধারণ বাণিজ্যিক ফ্লাইটের বদলে বিশেষ চার্টার্ড বিমানের ব্যবস্থা করা হচ্ছে। প্রায় ১১ ঘণ্টা যাত্রার পর কলকাতায় পৌঁছে যেন ফুটবলাররা দ্রুত ম্যাচের প্রস্তুতিতে ফিরতে পারেন, সে কারণেই এই উদ্যোগ।
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে এ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। তারা ভারতীয় গনমাধ্যমকে জানিয়েছেন, খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাসহ ব্রাজিল দলের সফরসঙ্গীর সংখ্যা প্রায় ৯০ জন হতে পারে। এর মধ্যে ফুটবলার, কোচ এবং ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি মিলিয়ে প্রায় ৩০ জনের জন্য বিজনেস ক্লাসের ব্যবস্থা রাখার কথা জানিয়েছে ব্রাজিল ফুটবল।
ভারতীয় ফুটবল সংস্থার অন্য আরেক কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, বিশ্ব ফুটবলের অন্যতম সফল দল ব্রাজিল। তাই দলের ভ্রমণ ও বিশ্রামের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কলকাতায় পৌঁছানোর মাত্র দুই দিন পরই ম্যাচ থাকায় দীর্ঘ বিমানযাত্রার ক্লান্তি যাতে খেলোয়াড়দের পারফরম্যান্সে প্রভাব না ফেলে, সেদিকেই নজর রাখা হচ্ছে।
শুধু বিমানের ব্যবস্থাই নয়, কলকাতা বিমানবন্দরেও ব্রাজিল দলের জন্য থাকছে বিশেষ সুবিধা। একই সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ইমিগ্রেশনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা বিমানেই সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। ফলে বিমানবন্দরে অবতরণের পর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না ভিনিসিয়াসদের।
১ অক্টোবর সব প্রক্রিয়া শেষ করে বিমান থেকে নেমেই সরাসরি হোটেলে যাওয়ার ব্যবস্থা করা হবে ব্রাজিল দলের জন্য। এরপর ৩ অক্টোবর যুবভারতীয় (সল্টলেক) স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল দল।

স্পোর্টস ডেস্ক