অস্ট্রেলিয়ার বিপক্ষে ড্র করে দুঃসংবাদ পেল ব্রাজিল
২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে দল গোছানো শুরু করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। যার প্রথম মিশন ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। তবে শুরুটা ভালো হয়নি। শেষ মুহূর্তের গোলে কোনোমতে ১-১ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
হতাশার সেই ড্রয়ের ক্ষত শুকাতে না শুকাতেই আরও বড় এক দুঃসংবাদ শুনতে হলো ব্রাজিল ফুটবল দলকে। সেলেসাওদের এই পয়েন্ট হারানোর মাশুল দিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে তাদের টপকে গেছে মরক্কো। ফুটবল ইতিহাসের পাতায় নাম লিখিয়ে প্রথমবারের মতো ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে পৌঁছে গেছে আফ্রিকান দেশটি।
মরক্কোর এমন ঐতিহাসিক সাফল্যের পেছনে বড় ভূমিকা রয়েছে খোদ ব্রাজিলেরই। অস্ট্রেলিয়ার বিপক্ষে হারতে বসা ম্যাচে যোগ করা সময়ের শেষ মিনিটে কর্ণার থেকে গোল করে কোনোমতে ড্র করে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল।
ফিফার হিসাব অনুযায়ী, অসিদের বিপক্ষে এই অপ্রত্যাশিত হোঁচট খাওয়ার কারণে ফিফা র্যাঙ্কিংয়ে ২.০২ রেটিং পয়েন্ট হারিয়েছে ব্রাজিল। এর ফলে তাদের মোট পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮০২.৯০-এ। যে কারণে র্যাঙ্কিংয়ের ৬ নম্বরে নেমে গেছে ব্রাজিল।
আর ব্রাজিলের এই পয়েন্ট হারানোর সুযোগটি লুফে নিয়েই ফিফা র্যাঙ্কিংয়ের ৫ নম্বর আসনটি নিজেদের দখলে করে নিয়েছে ‘অ্যাটলাস লায়ন’ খ্যাত মরক্কো। ১৮০৩.৯৯ পয়েন্ট তাদের।
এই অভাবনীয় অর্জনের মধ্য দিয়ে ১৯৯৪ সালে গড়া নাইজেরিয়ার ঐতিহাসিক রেকর্ডে ভাগ বসাল মরক্কো। এর মাধ্যমে তারা ইতিহাসের যৌথভাবে সর্বোচ্চ র্যাঙ্কিংধারী আফ্রিকান দল হিসেবে নিজেদের নাম লেখাল।
১৯৯৪ সালে সেসময়ে আফ্রিকা কাপ অব নেশনস জয় এবং যুক্তরাষ্ট্র বিশ্বকাপে শেষ ষোলো পর্যন্ত পৌঁছানোর দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে বিশ্ব র্যাঙ্কিংয়ের ৫ নম্বরে উঠেছিল নাইজেরিয়ার ‘গ্রিন ইগলস’রা।
এদিকে, ব্রাজিলের বিপক্ষে ড্র করে পাওয়া ২.০২ রেটিং পয়েন্টের কল্যাণে সামগ্রিকভাবে ১৫৮৩.৫৩ পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের ২৭ নম্বর স্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে এশিয়ান অঞ্চলের দেশগুলোর মধ্যে তারা এখন তিন নম্বর স্থান দখল করেছে।
অবশ্য ফিফার প্রকাশিত বর্তমান এই র্যাঙ্কিংটি এখনই চূড়ান্ত নয়। চলমান আন্তর্জাতিক ফুটবলের এই বিরতি শেষ হওয়ার পর আগামী ৭ অক্টোবর পূর্ণাঙ্গ ও অফিসিয়াল র্যাঙ্কিং প্রকাশ করবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

স্পোর্টস ডেস্ক