শীতের বৃষ্টিতে মজাদার ভুনা খিচুড়ি, রইল রেসিপি
শীতের সকাল কিংবা বৃষ্টিভেজা দিনে ধোঁয়া ওঠা গরম খিচুড়ির কথা মনে পড়তেই পারে। সঙ্গে বেগুন ভাজা, ডিম ভাজি কিংবা গরুর মাংস হলে তো কথাই নেই! বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি যেন খাবারের স্বাদকে আরও বাড়িয়ে দেয়।
চাল, ডাল আর হাতের কাছে থাকা কয়েকটি মসলায় সহজেই তৈরি করা যায় মজাদার গরম ভুনা খিচুড়ি। চাইলে সবজি দিয়েও রান্না করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক, শীতের বৃষ্টির দিনে ঘরেই কীভাবে তৈরি করবেন সুস্বাদু গরম খিচুড়ি। তার আগে জেনে নেওয়া যাক কী কী উপকরণ লাগবে।
উপকরণ
পোলাওয়ের চাল বা বাসমতি চাল ২ কাপ
মুগ ডাল আধা কাপ
মসুর ডাল আধা কাপ
পেঁয়াজ কুচি ১ কাপ
আদাবাটা ১ টেবিল চামচ
রসুনবাটা ১ চা চামচ
হলুদ গুঁড়া আধা চা চামচ
মরিচের গুঁড়া ১ চা চামচ
জিরা গুঁড়া ১ চা চামচ
ধনিয়া গুঁড়া ১ চা চামচ
দারুচিনি ২ টুকরা
এলাচ ৩টি
তেজপাতা ২টি
কাঁচামরিচ ৫–৬টি
তেল ও ঘি পরিমাণমতো
লবণ স্বাদমতো
গরম পানি ৫–৬ কাপ (প্রয়োজন অনুযায়ী)
প্রস্তুত প্রণালি
প্রথমে চাল ভালোভাবে ধুয়ে ১৫ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। মুগ ডাল একটি শুকনা কড়াইয়ে হালকা বাদামি করে ভেজে নিন। এরপর মসুর ডালের সঙ্গে মিশিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।
একটি পাতিলে তেল ও সামান্য ঘি গরম করুন। এতে দারুচিনি, এলাচ ও তেজপাতা দিয়ে কিছুক্ষণ নাড়ুন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। এরপর আদাবাটা, রসুনবাটা, হলুদ, মরিচ, জিরা ও ধনিয়া গুঁড়া দিয়ে সামান্য পানি মিশিয়ে মসলা ভালোভাবে কষিয়ে নিন। মসলার মধ্যে চাল ও ডাল দিয়ে কয়েক মিনিট ভালোভাবে নেড়ে নিন। এতে চাল ও ডালের সঙ্গে মসলার স্বাদ মিশে যাবে।
এবার পরিমাণমতো গরম পানি ও লবণ দিয়ে দিন। পানি ফুটে উঠলে চুলার আঁচ মাঝারি করে রান্না করুন। চাল ও ডাল সেদ্ধ হতে শুরু করলে কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে দিন। এরপর পানি শুকিয়ে এলে আঁচ একেবারে কমিয়ে দিন। ওপর থেকে সামান্য ঘি ছড়িয়ে ঢেকে আরও ১০ মিনিট দমে রাখুন। এরপর চুলা বন্ধ করে কয়েক মিনিট অপেক্ষা করুন। এরপর তৈরি হয়ে গেল সুগন্ধি গরম গরম ভুনা খিচুড়ি।

ফিচার ডেস্ক