বলিউডের রঙে ব্রিটিশ রাজপরিবার! মুম্বাইয়ে কেট-উইলিয়ামের সেরা ফ্যাশন মোমেন্ট
ফ্যাশন বিশ্বে ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের পোশাক নির্বাচন বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। বিশেষ করে প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন (কেট মিডলটন) এর আভিজাত্যপূর্ণ ও পরিমিত স্টাইল বিশ্বজুড়ে ফ্যাশন বা লাইফস্টাইলপ্রেমীদের অনুপ্রেরণা জোগায়।
সম্প্রতি ষষ্ঠ বার্ষিক ‘আর্থশট প্রাইজ়’ এর মঞ্চে যোগ দিতে মায়ানগরী মুম্বাইয়ে এসে এক অনন্য ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করলেন ব্রিটেনের এই রাজদম্পতি। পাশ্চাত্য পোশাকের গণ্ডি পেরিয়ে তারা বেছে নিলেন ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক, যেখানে বিলিতি রাজকীয়তার সঙ্গে মিশে গেল বলিউডি ফ্যাশনের জৌলুস।
ভারতীয় ফ্যাশনের প্রতি কেট মিডলটনের অনুরাগ নতুন কিছু নয়। দীর্ঘ এক দশক আগে, ২০১৬ সালের ভারত সফরেও তিনি ভারতীয় ডিজাইনার অনিতা ডংরের তৈরি পোশাক পরে মুম্বাইয়ের ওভাল ময়দানে ক্রিকেট খেলে আলোড়ন সৃষ্টি করেছিলেন। এছাড়া পরিবেশবান্ধব বা ‘সাসটেনেবল ফ্যাশন’ এর দূত হিসেবেও কেটের সুখ্যাতি রয়েছে কখনো পুরোনো পোশাক রিপিট করে, আবার কখনো ভাড়া নেওয়া গাউনে হেঁটে তিনি ফ্যাশন বিশ্বে নতুন ধারার জন্ম দিয়েছেন। তবে এবারের মুম্বাই সফরে অনুষ্ঠানের পরিবেশবান্ধব ভাবনার সঙ্গে মিল রেখে লাল গালিচার বদলে সবুজ কার্পেটে হাঁটলেন তারা, আর সঙ্গী করলেন ভারতের প্রখ্যাত ডিজাইনারদের সৃজনশীলতাকে।
মুম্বাইয়ের ঝলমলে সন্ধ্যায় কেট ও উইলিয়াম দু’জনেই ভারতীয় কারুকার্য ও আধুনিক ফ্যাশনের এক চমৎকার মেলবন্ধন ঘটিয়েছেন। এদিন কেট বেছে নিয়েছিলেন দিল্লির ডিজাইনার মহিমা মহাজনের নকশা করা সিঁদুরে লাল রঙের একটি বেনারসি জর্জেট আনারকলি। পোশাকের জমিনে সূক্ষ্ম হাতের এমব্রয়ডারি তাঁর সাজে এনে দিয়েছিল রাজকীয় আভা। এর সঙ্গে গলায় ও কানে ছিল রানি দ্বিতীয় এলিজাবেথের সংগ্রহ থেকে নেওয়া পান্না বসানো টাস্ল নেকলেস ও দুল। হাতে থাকা গাঢ় বার্গন্ডি রঙের ভেলভেট ‘প্রাডা’ ক্লাচটি লাল আনারকলির সঙ্গে তৈরি করেছিল দারুণ রঙের সামঞ্জস্য।
স্ত্রীকে যোগ্য সঙ্গ দিতে প্রিন্স উইলিয়ামও বেছে নিয়েছিলেন বলিউডের প্রিয় ডিজাইনার মণীশ মলহোত্রের তৈরি কালো রঙের একটি ‘বন্ধগলা’ স্যুট। সাবেকি ভারতীয় কাটের এই পরিচ্ছন্ন পোশাকে তাঁকে দেখাচ্ছিল অত্যন্ত মার্জিত ও রাজসিক। এর আগে মুম্বাইয়ে পা রাখার পর প্রথম উপস্থিতিতে কেট পরেছিলেন মিন্ট-গ্রিন ব্লেজার, সাদা টপ, টেলর্ড ট্রাউজার ও ফ্ল্যাট জুতো যা ছিল অত্যন্ত ছিমছাম ও সমসাময়িক। তার সঙ্গে মিল রেখে উইলিয়াম পরেছিলেন বাংলার তাঁতিদের হাতে বোনা নীল রঙের একটি নেহরু জ্যাকেট, যা স্থানীয় হস্তশিল্পের প্রতি তাঁদের শ্রদ্ধাবোধকেই ফু তোলে।
জমকালো আয়োজনের মাঝেও প্রিন্স উইলিয়াম ও কেটের পোশাক নির্বাচনে কোনো বাহুল্য ছিল না, বরং ছিল সংযম ও সূক্ষ্ম রুচির ছাপ। বিশ্বমঞ্চে স্থানীয় সংস্কৃতি ও দেশীয় কারুশিল্পকে কীভাবে সম্মান জানাতে হয়, মুম্বাইয়ের এই সফরে তা আরও একবার প্রমাণ করলেন ব্রিটিশ রাজদম্পতি। তাঁদের এই সাজ কেবল একটি ফ্যাশন মুহূর্ত হয়েই থাকেনি, বরং ঐতিহ্য ও আধুনিকতার এক সফল মেলবন্ধন হিসেবে ফ্যাশন দুনিয়ায় স্মরণীয় হয়ে থাকবে।

ফিচার ডেস্ক