আজ মৃতদের দিবস, পালন করেন যারা
কান্না কিংবা বিষাদ নয়, ওটা ছিল উৎসবের রাত। আলো ঝলমলে রাজপথ, গায়ে কঙ্কালের রঙিন পোশাক আর নাচে-গানে মুখর মেক্সিকোর অলিগলি। আপনজনদের চিরবিদায়ের ব্যথা ভুলে তাদের আবার কাছে টেনে নেওয়ার এমন অদ্ভুত উদযাপনের দিনটির নাম ‘মৃতদের দিবস’। লাতিন আমেরিকার দেশগুলোতে ১ ও ২ নভেম্বর খ্রিষ্টীয় অল সোলস ডে বা স্প্যানিশ ভাষায় ‘দিয়া দে লস মুয়ের্তোস’ হিসেবে পালিত হয় এই ঐতিহ্য।
আজ থেকে প্রায় তিন হাজার বছর আগে প্রাচীন অ্যাজটেক সভ্যতায় শুরু হয়েছিল এই উৎসব। তাদের বিশ্বাস ছিল, মৃত্যু জীবনের শেষ নয়। ষোড়শ শতকে স্প্যানিশরা আসার পর স্থানীয় এই প্রথার সঙ্গে খ্রিষ্টধর্মের আচার মিলে আজকের রূপ নেয়। ২০০৮ সালে ইউনেস্কো একে মানবজাতির অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দেয়।
দিনটিতে প্রতিটি বাড়ির এক কোণে সাজানো হয় বিশেষ বেদি। সেখানে রাখা হয় প্রয়াত মানুষের ছবি, জল আর তাঁদের পছন্দের খাবার। ঘর ও বেদিতে ছড়ানো হয় হলুদ গাঁদা ফুল। মানুষের বিশ্বাস, এই ফুলের ঘ্রাণ আর প্রদীপের আলো দেখেই আত্মারা ঘরে ফিরে আসে। সঙ্গে থাকে বিশেষ রুটি ‘পান দে মুয়ের্তো’ আর কাগজের রঙিন নকশা।
পরিবারের সবাই মিলে তখন ছোটেন কবরস্থানে। প্রিয়জনের কবর পরিষ্কার করে জ্বালানো হয় হাজারও মোমবাতি। অনেকেই মুখে কঙ্কালের অবয়ব এঁকে (লা কাত্রিনা সাজে) গান-বাজনা ও শোভাযাত্রায় অংশ নেন। গান আর স্মৃতিচারণায় কেটে যায় সারা রাত। সব মিলিয়ে এটি কোনো বিষাদের দিন নয়, বরং প্রয়াতদের আত্মাকে পরিবারের মাঝে স্বাগত জানানোর এক মিলনমেলা।

এনটিভি অনলাইন ডেস্ক