আলিয়া ভাটের ‘স্কিন স্ন্যাক’ সিক্রেট
ব্যস্ত এই যান্ত্রিক জীবনে ত্বক ভালো রাখা আর পেটে হালকা অথচ পুষ্টিকর কিছু দেওয়া এই দুয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা যেন এক কঠিন যুদ্ধ।
কর্মব্যস্ততা, অনিয়মিত খাদ্যাভ্যাস আর ধুলোবালিতে ত্বকের বারোটা বাজার জোগাড় হয়। অথচ একটু খেয়াল করলেই দেখা যাবে, আমাদের দেশের সাধারণ রান্নাঘরের অতিপরিচিত উপাদানের মাধ্যমেই এর সমাধান লুকিয়ে রয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে বলিউড তারকা আলিয়া ভাট তেমনই এক ট্র্যাডিশনাল ও ঘরোয়া খাবারের কথা শেয়ার করেছেন, যা তাঁর মতে “শুধু স্বাস্থ্যের জন্যই ভালো নয়, ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও দারুণ কার্যকর।”
আলিয়ার মতে, দক্ষিণ এশিয়ার পরিবারগুলোতে প্রাচীনকাল থেকেই রান্নায় খাঁটি ঘি ব্যবহারের দারুণ প্রচলন রয়েছে। এটি খাবারের স্বাদ ও হজমশক্তি বাড়াতে সাহায্য করার পাশাপাশি ত্বকের প্রাকৃতিক জৌলুস বজায় রাখতেও জাদুর মতো কাজ করে। তিনি নিজে নিয়মিত একটি বিশেষ স্ন্যাক খেয়ে থাকেন, যা ঘি, সামান্য গুড়, গুঁড়ো করা চীনাবাদাম আর অল্প কোরানো নারকেল দিয়ে তৈরি। মজা করে তিনি এটাকে নাম দিয়েছেন ‘স্কিন স্ন্যাক’। আলিয়ার ভাষায়, "ত্বক ভালো রাখার জন্যই আমি এটা খাই এবং এটা সত্যিই দারুণ কাজ করে।"
চলুন, এক নজরে দেখে নেওয়া যাক আলিয়ার সেই সহজ ও পুষ্টিকর দেশি রেসিপিটি।
আলিয়ার সিগনেচার ‘স্কিন স্ন্যাক’ তৈরির সহজ পদ্ধতি
প্রয়োজনীয় উপকরণ:
- ঘি: ১ টেবিল চামচ
- গুড়: ১ টেবিল চামচ
- ভাজা ও গুঁড়ো করা চীনাবাদাম: ১ টেবিল চামচ
- কোরানো নারকেল: ১ টেবিল চামচ
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে একটি বাটিতে খাঁটি ঘি ও গুড় একসঙ্গে নিয়ে চামচ দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ফেটিয়ে নিন, যাতে দুটি উপকরণ একদম মিশে ক্রিমি টেক্সচার তৈরি হয়।
২. এবার এই মিশ্রণের মধ্যে আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা চীনাবাদাম ও কোরানো নারকেল মিশিয়ে দিন।
৩. সবকয়টি উপকরণ হাত দিয়ে হালকা করে মেখে নিন, যেন ঘি ও গুড়ের মিশ্রণটি বাদাম আর নারকেলের গায়ে চমৎকারভাবে জড়িয়ে যায়।
৪. মাখানো শেষ হলে মিশ্রণটি থেকে অল্প অল্প অংশ তুলে হাতের তালুতে চেপে ছোট ছোট নাড়ুর আকৃতি দিন।
৫. ব্যস, ঝটপট তৈরি হয়ে গেল আলিয়া ভাটের সেই পছন্দের দেশি স্ন্যাক! এটি দীর্ঘসময় সংরক্ষণ না করে বানিয়ে সঙ্গে সঙ্গেই টাটকা খেয়ে ফেলা ভালো, এতে এর আসল স্বাদ ও পুষ্টিগুণ অটুট থাকে।
সৌন্দর্য ও সুস্বাস্থ্যের জন্য সবসময় দামি ও বিদেশি প্রসাধনী বা সাপ্লিমেন্টের প্রয়োজন হয় না, কখনো কখনো আমাদের রান্নাঘরের সাধারণ উপাদানগুলোই হয়ে ওঠে সবচেয়ে বড় সমাধান। ব্যস্ততার অজুহাতে ফাস্টফুড বা অস্বাস্থ্যকর স্ন্যাকসে ভরসা না রেখে, আলিয়া ভাটের মতো এমন ঘরোয়া ও পুষ্টিকর খাবার বেছে নিতে পারেন। এটি একদিকে যেমন আপনার বিকেলের হালকা ক্ষিদে মেটাবেন, অন্যদিকে ভেতর থেকে ত্বককে করবে জ্যান্ত ও উজ্জ্বল। আজই ঝটপট বানিয়ে ফেলুন এই ‘স্কিন স্ন্যাক’ আর এক ধাপ এগিয়ে থাকুন সুস্থ ও প্রাকৃতিক সৌন্দর্যচর্চায়।

ফিচার ডেস্ক