নিজের মতো করে খাওয়ার দিন আজ
শরীর সুস্থ রাখতে অনেকেই ডায়েট করে থাকেন। ওজন কমাতে এবং শরীর সুস্থ রাখতে খাবারে নিয়ন্ত্রণ করেন অনেকেই। কিন্তু ভুল নিয়মে ডায়েট করলে ফল তো মেলেই না। বরং উল্টে শরীরের ক্ষতি হয়। এ ছাড়া শরীরের তাগিদে ডায়েট করলেও সবাই যে মন থেকে তা ভালবেসে করেন এমনটাও নয়। পছন্দের খাবার ছেড়ে থাকতে কারই বা ভালো লাগে? এই ভাবনা থেকেই এসেছে একটি বিশেষ দিবস। আজ বুধবার (৬ মে) বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক নো ডায়েট ডে। অর্থাৎ ডায়েট ভুলে নিজের পছন্দের খাবার উপভোগ করার দিন আজ। এই দিনটি শুধু ইচ্ছামতো খাওয়ার সুযোগই করে দেয় না, বরং শরীর নিয়ে ইতিবাচক মনোভাব গড়ে তোলার বার্তাও দেয়।
যেভাবে শুরু হয়েছিল দিনটি
১৯৯২ সালে ব্রিটিশ নারীবাদী সমাজকর্মী মেরি ইভান্স ইয়াং-এর হাত ধরে এই দিনটি পালন শুরু হয়। স্বাভাবিক চেহারা মেনে নেওয়ার দাবি জানিয়ে প্রচার শুরু করেন তিনি। নির্দিষ্ট ধরনের চেহারা হতেই হবে, নির্দিষ্ট ধরনের চেহারা না হলে সুস্থ হওয়া যাবে না এই ধারণাকে বাতিল করতেই এমন ভাবনা। ওই বছরেই ব্রিটেনে এমন একটি আন্দোলন শুরু হয়। পরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।
সারা বছর যারা কঠোর ডায়েট মেনে চলেন, তাদের জন্যও একদিনের ছাড় দেওয়ার ডাক দেয় এই দিনটি। বডি পজিটিভিটি প্রচার করতেও এই দিনটি বেছে নেওয়া হয়। যারা সারা বছর ডায়েট করেন, এই একটি দিন তারা একটু ছাড় দিতেই পারেন। খেতে পারেন ইচ্ছেমতো খাবার।
দিবসটির উদ্দেশ্য ছিল মানুষকে নিজের শরীর নিয়ে প্রশংসা করতে সহায়তা করা। একইসাথে নিজের ওজন নিয়ে অকারণে দুশ্চিন্তা না করা। নব্বই দশকে এ দিবস সবার মনোযোগ আকর্ষণ করেছিল। সেই থেকে প্রতি বছর বিশ্বে উদ্যাপিত হচ্ছে ‘নো ডায়েট ডে’।

ফিচার ডেস্ক