রামেক হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আসমা খাতুন (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ৯৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১৭ জন।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামিম হোসেন বিষয়টি নিশ্চিত করেন। নিহত আসমা খাতুন চাঁপাইনবাবগঞ্জের বালুবাগান এলাকার বাসিন্দা।
হাসপাতাল সূত্রে জানা যায়, আসমা খাতুন গত সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকরা তার মৃত্যুর কারণ হিসেবে ‘ডেঙ্গু শক সিন্ড্রোম’ উল্লেখ করেছেন।
হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৭ জন নতুন রোগী ভর্তির পাশাপাশি চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন। এক জনের মৃত্যুর পর বর্তমানে মোট ৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামিম হোসেন বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে পারে। বিশেষ করে ডেঙ্গু শক সিন্ড্রোম দেখা দিলে তা গুরুতর রূপ নেয়। তাই জ্বর, শরীর ও মাথাব্যথা, বমি কিংবা অতিরিক্ত দুর্বলতার মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)