ঢাকায় ডায়াবেটিস প্রতিরোধে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত
ডায়াবেটিস প্রতিরোধে বৈশ্বিক উদ্যোগকে আরও জোরদার করার লক্ষ্যে সম্প্রতি রাজধানীতে ডায়াবেটিস প্রতিরোধ সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ‘ধর্মভিত্তিক ডায়াবেটিস প্রতিরোধ’ (ফেইথ-বেসড ডায়াবেটিস প্রিভেনশন) প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই বৈশ্বিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নীতিনির্ধারক, স্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক, উন্নয়ন সহযোগী প্রতিনিধি এবং ধর্মীয় নেতারা অংশ নেন। অনুষ্ঠানে প্রমানভিত্তিক ডায়াবেটিস প্রতিরোধে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে কাজে লাগিয়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সম্মেলনের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে ‘ধর্মভিত্তিক ডায়াবেটিস প্রতিরোধ বিষয়ক ঢাকা ঘোষণা’ (ঢাকা ডিক্লারেশন অন ফেইথ-বেসড ডায়াবেটিস প্রিভেনশন) আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। এই ঐতিহাসিক ঘোষণায় ডায়াবেটিস প্রতিরোধে প্রচলিত স্বাস্থ্যসেবা কার্যক্রমের পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় ব্যক্তিত্ব ও স্থানীয় কমিউনিটিকে সরাসরি সম্পৃক্ত করার জোর দাবি জানানো হয়। বিশ্বজুড়ে ডায়াবেটিসের দ্রুত বৃদ্ধি পাওয়া ঝুঁকি মোকাবিলায় সরকার, স্বাস্থ্য খাত, গবেষক ও সামাজিক নেতৃত্বের এমন সমন্বিত উদ্যোগ সময়োপযোগী ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা মত প্রকাশ করেন।
ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম. এ. মুহিত। এতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) প্রেসিডেন্ট অধ্যাপক পিটার শোয়ার্জ, ওয়ার্ল্ড ডায়াবেটিস ফাউন্ডেশনের (ডব্লিউডিএফ) বোর্ড চেয়ার সোবিয়া আকরাম, ডায়াবেটিস ইন এশিয়া স্টাডি গ্রুপের (ডিএএসজি) প্রেসিডেন্ট ডা. আব্দুল বাসিত, ওআইসি-কমস্টেচ-এর কো-অর্ডিনেটর জেনারেল অধ্যাপক ড. এম. ইকবাল চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, এনডিসি।
এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), জাইকা, ওআইসি-কমস্টেচ এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস)-সহ দেশি-বিদেশি বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা দিনব্যাপী এই আলোচনায় অংশ নেন। বক্তারা তাদের বক্তব্যে জোর দিয়ে বলেন যে, ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে কেবল চিকিৎসাব্যবস্থা যথেষ্ট নয়; বরং মানুষের জীবনযাপন, খাদ্যাভ্যাস ও শারীরিক সক্রিয়তার সঙ্গে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ যুক্ত করা জরুরি। আয়োজকদের আশাবাদ, এই সম্মেলন ও ‘ঢাকা ঘোষণা’ ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ডায়াবেটিস প্রতিরোধ নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

নিজস্ব প্রতিবেদক