‘একাত্তরে ত্রিশ লাখ শহীদের মধ্যে ওই পরিবারের একজনও নেই’
শেখ পরিবারকে ইঙ্গিত করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেছেন, ১৯৭১ সালের ত্রিশ লাখ শহীদের মাঝে ওই পরিবারের একজনও নেই। কারণ তারা তখন আরাম-আয়েশে বিদেশে সময় কাটিয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আয়োজিত ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোশারফ হোসেন এমন মন্তব্য করেন।
মোশারফ হোসেন বলেন, এই চব্বিশে এতগুলো ছাত্র, রিকশাওয়ালা ও নিরীহ মানুষ প্রাণ দিলেন, ওই পরিবারের কারো গেছে? এরা সারাজীবন এই দেশের মানুষের ওপরে শাসন, শোষণ ও নির্যাতন করেছে। তারা সুবিধাভোগী। তারা কখনই বিপদে বাংলাদেশের মানুষের পাশে ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। তাই একাত্তরে যেভাবে ইয়াহিয়া খানদের উদ্দেশ্যে বলা হয়েছিল, ‘এদের বর্জন করুন’, আমাদের এখন সময় এসেছে এসব সুবিধাভোগীদের বর্জন করার।
ড. মোহাম্মদ মোশারফ হোসেন আরও বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসেছিলেন জনগণের ভোটের মাধ্যমে। অনেকে ব্যঙ্গ করে বলেন, হ্যাঁ-না ভোট। এই ভোটটা জেনুইন হয়েছে। আমার বাবা আমাকে কাঁধে করে নিয়ে গেছে ভোটকেন্দ্রে। এখনকার মতো ব্যালটে সিল মেরে দিনের ভোট রাতে হয়নি।
উপাচার্য বলেন, জিয়া পরিবার সবসময় জাতির ক্রান্তিকালে উদ্ধারকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। একবার ১৯৭১ সালে যখন জাতি দিশেহারা, একদল ব্যাগেজ গুছিয়ে রেখে দিয়েছে সারেন্ডার করবে, হাজারো রিকোয়েস্টের পরও স্বাধীনতার ঘোষণা করে না, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে, নেগোসিয়েশনের স্বপ্ন দেখে। তখন জীবনের মায়া ত্যাগ করে দেশবাসীর আকাঙ্ক্ষাকে ধারণ করে জিয়াউর রহমান রিভল্ট করেন।
অনুষ্ঠানে শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখা ছাত্রদলের সদস্যসচিব মারুফ হাসান (মামুন সরকার)। এ ছাড়া বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দিবসটির গুরুত্ব এবং জাতীয় জীবনে এর প্রভাব নিয়ে আলোচনা করা হয়।

রোহান চিশতী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়