একবার ইনসুলিন দিলে কি সারা জীবন দিতে হয়?
অনেকে ভাবেন ইনসুলিন একবার দিলে সারা জীবন দিতে হয়। বিষয়টি কি ঠিক?এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৫৭০তম পর্বে কথা বলেছেন ডা. জাহাঙ্গীর আলম। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালের মেডিসিন বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : কখন একজন রোগীকে আপনারা ইনসুলিন দিতে পরামর্শ দেন? আর অনেকে ভাবেন একবার ইনসুলিন দিলে সারা জীবন দিতে হবে—এ ভিত্তি কতখানি?
উত্তর : দেখুন আমরা ডায়াবেটিস তো দুটো বলি। একটি হলো টাইপ-ওয়ান ডায়াবেটিস ও টাইপ-টু ডায়াবেটিস। টাইপ-ওয়ানে ইনসুলিনের প্রয়োজন আছে। ইনসুলিন ছাড়া এর কোনো বিকল্প নেই। কিন্তু টাইপ-টু ডায়াবেটিস যে এখানে কিন্তু কিছুটা ইনসুলিন শরীরে রয়ে যায়। কিন্তু দেখা যাচ্ছে ৬০ থেকে ৭০ ভাগ ডায়াবেটিসের রোগীর ডায়াবেটিসের বয়স যখন ছয় থাকে সাত বছর হয়ে যায়, তাদের আর শরীরে ইনসুলিন থাকে না। তখন আপনাকে কিন্তু ইনসুলিন দিতে হবে। এই ক্ষেত্রে একটি টার্গেট আছে।
রোগীর বয়স যদি পঞ্চাশের নিচে হয়, তাহলে ফাস্টিং সুগার (সকালে খালি পেটে সুগার মাপা) ৬ দশমিক ১-এর নিচে রাখতে হবে। নাশতার দুই ঘণ্টা পর ৮-এর নিচে থাকতে হবে। তবে পঞ্চাশের ওপরে একটু শিথিল। তখন ৬ দশমিক ৫ থেকে ৭ এবং খাওয়ার দুই ঘণ্টা পরে আট থেকে দশের মধ্যে রাখতে হয়। ষাট বছরের পর দেখা যায় এক মিলিমোল করে একটু শিথিল করতে পারি। এই লক্ষ্য যদি কোনোভাবেই পূরণ না করতে পারেন, ডায়েট, ব্যায়াম ও ওষুধ দিয়ে তখনই কিন্তু ইনসুলিনে যাওয়া। কিন্তু ভুল ধারণা হলো আপনাকে ডাক্তার ইনসুলিন দেবে তখনই, যখন আপনার ইনসুলিন দেওয়া প্রয়োজন হবে। যেহেতু লক্ষ্য হলোই যে সুগারকে নিয়ন্ত্রণ করব, সুতরাং এখানে চিন্তা করলে হবে না যে আমি ইনসুলিনে অভ্যস্ত হয়ে যাব। নিয়ন্ত্রণে আসলে আবার মুখে খাওয়ার ওষুধে ফিরে যাওয়া যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে ফিরে আসা যায়। তবে এখানে কিছু বিষয় আছে যেখানে আর ফিরে আসা যায় না।
ইনসুলিন দেওয়ার পদ্ধতিরও কিন্তু আমূল পরিবর্তন আসছে। খাবারের আগে ও পরে দেওয়া যায়। পকেটে নিয়ে ইনসুলিন ঘোরা যায়। নিজেরটা নিজেই দেওয়া যায়। তা ছাড়া এখন তো চলে আসছে ইনসুলিন পাম্প। অচিরেই এমন হবে পাম্পের মধ্যে ওষুধ দিয়ে দিলে এমনিতেই শরীরে ওষুধ ঢুকে যাবে। এগুলো আমাদের দেশে চলে আসছে। আমরা ব্যবহার করছি। রোগীরা এটি নিয়ে খুব সন্তুষ্ট। কিন্তু মানুষের মধ্যে একটি ভীতি কাজ করে আমি একটি যন্ত্র নিয়ে ঘুরব! আবার অর্থনৈতিক একটি বিষয়ও আছে। বিভিন্ন দামের পাম্প আছে। ফুল অটোমোসিটির দাম বেশি। তবে বেসিকটার দাম একটু কম আছে। দুই লাখ ৫৫ হাজার থেকে শুরু হয়ে ছয় লাখ পর্যন্ত।

ফিচার ডেস্ক