স্লিপ অ্যাপনিয়া বা ঘুমে দম বন্ধ হওয়া কী
স্লিপ অ্যাপনিয়া একটি প্রচলিত সমস্যা। এতে আক্রান্ত ব্যক্তির ঘুমে যেমন অসুবিধা হয়, তেমনি যিনি পাশে থাকেন, তিনিও বিরক্তিবোধ করেন।
এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৭১৬তম পর্বে স্লিপ অ্যাপনিয়া নিয়ে কথা বলেছেন অধ্যাপক ডা. মো. মনজুরুল আলম। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাক, কান ও গলা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : স্লিপ অ্যাপনিয়া একটি জটিল নাম। স্লিপ অ্যাপনিয়া দিয়ে আসলে কী বোঝানো হয়।
উত্তর : অ্যাপনিয়া বলতে আমরা বুঝি দম বন্ধ হওয়া বা শ্বাস বন্ধ হওয়া। আর স্লিপ অ্যাপনিয়া মানে ঘুমের মধ্যে দম বন্ধ হওয়া। অর্থাৎ ঘুমের মধ্যে ১০ সেকেন্ড বা তার বেশি সময় ধরে যদি দম বন্ধ থাকে, সেটিকে আমরা স্লিপ অ্যাপনিয়া বলি।
প্রশ্ন : রোগী কী ধরনের অভিযোগ নিয়ে আপনাদের কাছে আসে।
উত্তর : স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত রোগীরা সাধারণত নাক ডাকা নিয়ে আসে। তারা রাতে ঠিকমতো ঘুমাতে পারে না। বারবার ঘুম থেকে জেগে যায়। তার পাশে যিনি থাকেন, তার স্ত্রী বা বন্ধুবান্ধব—অভিযোগ করেন যে সে সারা রাত নাক ডাকছে। বিকট শব্দে নাক ডাকছে। তার তো ঘুম হচ্ছে না।
রোগীর ভাষ্য হলো, ঘুমের সময় হয়তো দম আটকে আসছে। সকালে ঘুম থেকে উঠলে মাথাব্যথা হয়। ভালোভাবে ঘুম না হওয়ার কারণে তার মুখ শুকনো থাকে। কাজের মধ্যে অনীহা থাকে। মানসিকভাবেও বিষণ্ণতায় থাকে। যেকোনো একটি কাজের মধ্যে একটুতেই সে ঘুমিয়ে পড়ে। সারা দিন তার মধ্যে ক্লান্তিভাব থেকে যায়।

ফিচার ডেস্ক