শায়লা হয়ে ফিরছেন না মিথিলা, অ্যালেন স্বপনে নতুন চমক প্রভা
‘অ্যালেন স্বপন’ চরিত্রটি যেন আলাদা এক পরিচয় তৈরি করেছে অভিনেতা নাসির উদ্দিন খানের জন্য। ২০২২ সালে ‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজ দিয়ে শুরু, এরপর স্পিন-অফ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ দুই সিজনেই দর্শকের প্রশংসা কুড়িয়েছে চরিত্রটি। এবার আসছে সিরিজটির তৃতীয় কিস্তি। তবে নতুন সিজনে থাকছে বড় পরিবর্তন।
জানা গেছে, তৃতীয় সিজনে অ্যালেন স্বপন হয়ে নাসির উদ্দিন খান ফিরলেও থাকছেন না আগের দুই সিজনে শায়লা চরিত্রে অভিনয় করা রাফিয়াত রশিদ মিথিলা। এবার নতুন চমক হিসেবে যুক্ত হচ্ছেন সাদিয়া জাহান প্রভা। যদিও প্রভার চরিত্র সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মিথিলা। গত অক্টোবরে নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে যোগ দিয়েছেন তিনি। পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতাও শুরু করেছেন। মূলত পেশাগত ব্যস্ততার কারণেই নতুন সিজনে যুক্ত হতে পারছেন না এই অভিনেত্রী। জানা গেছে, তাঁর জন্য শেষ পর্যন্ত অপেক্ষাও করেছিল সিরিজটির নির্মাতা দল।
ইতিমধ্যে শুরু হয়েছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ৩’-এর শুটিং। তবে প্রভা এখনো শুটিংয়ে অংশ নেননি। এ মাসের শেষ দিকে তাঁর শুটিংয়ে যোগ দেওয়ার কথা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী মাসের মাঝামাঝি শেষ হবে পুরো কাজ। নাসির উদ্দিন খান ও প্রভার পাশাপাশি সিরিজটিতে আরও অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, জয়রাজ, ফারজানা ছবিসহ অনেকে।
আনুষ্ঠানিক ঘোষণার আগে নতুন সিজন নিয়ে বিস্তারিত কিছু বলতে না চাইলেও গত মাসে এক সাক্ষাৎকারে শিহাব শাহীন জানিয়েছিলেন, এবার দেখা যাবে নতুন গল্প, যুক্ত হবে বেশ কিছু নতুন চরিত্র। জানা গেছে, এবারের গল্পের পটভূমি ঢাকা শহর।
সর্বশেষ ২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’। তবে প্রথম সিজনের মতো আলোচনায় আসতে পারেনি দ্বিতীয় কিস্তি। একই সময়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শিহাব শাহীন পরিচালিত সিনেমা ‘দাগি’। নির্মাতার ধারণা, সে কারণে অ্যালেন স্বপনকে ঘিরে দর্শকের মনোযোগ কিছুটা কম ছিল। তবে তৃতীয় সিজন নিয়ে এবার নতুন পরিকল্পনায় এগোচ্ছেন নির্মাতা। সবকিছু ঠিক থাকলে আগামী বছর ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ৩’।

বিনোদন ডেস্ক