জীবনের সব অভিজ্ঞতা ঢেলে ‘দ্য জেলো শো’ সাজালেন জেনিফার লোপেজ
হলিউড ও বিশ্বসংগীতের জনপ্রিয় তারকা জেনিফার লোপেজ আবারও আলোচনায় তাঁর নতুন বিশেষ অনুষ্ঠান ‘দ্য জেলো শো’ নিয়ে। সম্প্রতি ঐতিহাসিক প্যারামাউন্ট ব্যাকলটে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে।
থ্যাংকসগিভিং ডে উপলক্ষে নির্মিত এই বিশেষ শো নিয়ে দারুণ উচ্ছ্বসিত লোপেজ, যা তিনি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায়।
নিজের অফিশিয়াল স্ট্যাটাসে জেনিফার লোপেজ জানান, দীর্ঘ ক্যারিয়ারে একজন গায়িকা, নৃত্যশিল্পী, অভিনেত্রী ও পারফর্মার হিসেবে তিনি যা কিছু শিখেছেন এবং সর্বোপরি একজন নারী, মা ও মানুষ হিসেবে তাঁর যে জীবনবোধ তৈরি হয়েছে এই অনুষ্ঠানটি তারই এক পূর্ণাঙ্গ প্রতিফলন। শো-টি তৈরিতে নিজের সবটুকু ভালোবাসা ও প্রাণ ঢেলে দিয়েছেন উল্লেখ করে তিনি তাঁর পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। লোপেজের ভাষায়, দর্শকদের অনুপ্রাণিত করতে এবং জীবনের ছন্দে সবসময় এগিয়ে যাওয়ার শক্তি জোগাতেই ভালোবাসা দিয়ে এটি নির্মাণ করা হয়েছে।
থ্যাংকসগিভিং ডে-তে পরিবারের সদস্যদের নিয়ে টিভির সামনে বসে ভক্তদের সঙ্গে একযোগে অনুষ্ঠানটি উপভোগ করবেন বলেও জানান এই পপ তারকা। ছোটবেলায় পরিবারের সাথে বসে ক্লাসিক সিনেমা ‘ওয়েস্ট সাইড স্টোরি’ দেখার স্মৃতির কথা মনে করে তিনি ভক্তদেরও আহ্বান জানিয়েছেন, যেন তাঁরা পরিবার ও বন্ধুদের নিয়ে অনুষ্ঠানটি দেখার মুহূর্ত (‘ওয়াচ পার্টি’) ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন এবং তাঁকে ট্যাগ করেন।
বিশ্বজুড়ে ‘জেলো’ নামে পরিচিত জেনিফার লোপেজ একাধারে একজন মার্কিন সংগীতশিল্পী, অভিনেত্রী, নৃত্যশিল্পী, ফ্যাশন ডিজাইনার ও সফল ব্যবসায়ী।
১৯৬৯ সালের ২৪ জুলাই নিউইয়র্কের ব্রঙ্কসে এক পুয়ের্তো রিকান পরিবারে তাঁর জন্ম। ১৯৯১ সালে ‘ইন লিভিং কালার’ অনুষ্ঠানের নৃত্যশিল্পী হিসেবে শোবিজে তাঁর যাত্রা শুরু হয়। পরবর্তীতে ১৯৯৭ সালে ‘সেলেনা’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা ও গোল্ডেন গ্লোব মনোনয়ন পান।
১৯৯৯ সালে ‘অন দ্য সিক্স’ অ্যালবামের মাধ্যমে সংগীত জগতে আত্মপ্রকাশ করেই বিশ্বজুড়ে সাড়া ফেলেন লোপেজ। এরপর ‘অ্যানাকোন্ডা’, ‘আউট অব সাইট’, ‘দ্য ওয়েডিং প্ল্যানার’, ‘মেইড ইন ম্যানহাটন’ ও ‘হাসলার্স’-এর মতো অসংখ্য ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে নিজেকে হলিউডের অন্যতম শীর্ষ তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেন। লাতিন পপ সংস্কৃতিকে মূলধারায় জনপ্রিয় করে তোলার পেছনে জেনিফার লোপেজের অবদান অনস্বীকার্য।
