‘বউ ভালো করুক, তবে স্বামীর চেয়ে ভালো নয়’, পুরুষদের নিয়ে দীপার মন্তব্য
স্ত্রী কর্মক্ষেত্রে সফল হোক, নিজের যোগ্যতায় ভালো অবস্থানে পৌঁছাক—এমন প্রত্যাশা অনেক পুরুষেরই থাকে। তবে সেই সাফল্য স্বামীর অবস্থানকে ছাড়িয়ে যাক, তা অধিকাংশ পুরুষ মেনে নিতে চান না। এমনটাই মনে করেন অভিনেত্রী দীপা খন্দকার।
সম্প্রতি একটি পডকাস্টে ব্যক্তিগত জীবন, বিয়ে ও দাম্পত্য সম্পর্কের নানা প্রসঙ্গে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।
পডকাস্টে দীপা খন্দকার বলেন, ‘আমার মনে হয়, ৯০ শতাংশ পুরুষ তার জীবনসঙ্গীকে ভালো অবস্থানে দেখতে পছন্দ করেন না। সবাই চায়, আমার বউ ভালো কিছু করুক, কিন্তু আমার চেয়ে ভালো না।’
অভিনেত্রীর মতে, এই মানসিকতা শুধু বিনোদন অঙ্গনেই সীমাবদ্ধ নয়। সমাজের বিভিন্ন পেশা ও ক্ষেত্রেও এর প্রতিফলন দেখা যায়। তার ভাষ্য, ‘সেটা শিল্পী বলে না, সেটা প্রত্যেকটা সেক্টরে।’
আলোচনায় নিজের বিয়ের প্রসঙ্গও তুলে ধরেন দীপা। তিনি বলেন, ‘আমার মনে আছে, একবার একজনের সঙ্গে আমার বিয়ের কথা হয়েছিল। ডাক্তার আমেরিকায় থাকেন। আমি তখন আমার মাকে জিজ্ঞেস করছিলাম, ওই ভদ্রলোকের সঙ্গে আমি কী নিয়ে কথা বলব বিয়ের পরে?’
দীপা খন্দকারের মতে, ব্যক্তিত্বের সংঘাত কিংবা সঙ্গীর সাফল্য মেনে নিতে না পারার প্রবণতা শুধু গণমাধ্যম বা বিনোদনজগতের মানুষের মধ্যে দেখা যায়, এমন নয়। যেকোনো পেশা ও সম্পর্কেই এ ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। এ ক্ষেত্রে পারিবারিক শিক্ষা ও সময়ের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও মনে করেন এই অভিনেত্রী।

বিনোদন ডেস্ক