‘এক পয়সাও পাবে না পরিবার’, সম্পত্তি নিয়ে রজনীকান্তের ঘোষণা
দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তের মৃত্যুর পর তাঁর সম্পত্তি থেকে অর্জিত প্রতিটি পয়সা ব্যয় হবে তামিলনাড়ুর মানুষের কল্যাণে। এ ক্ষেত্রে নিজের পরিবারের কেউ কোনো অর্থ পাবেন না বলেও জানিয়েছেন রজনীকান্ত।
সম্প্রতি চেন্নাইয়ের রাঘবেন্দ্র মণ্ডপকে তিন তারকা হোটেলে রূপান্তরের পরিকল্পনা নিয়ে খবর প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছে অভিনেতার পুরোনো একটি ভিডিও। সেখানে সম্পত্তিটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন তিনি।
ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, চেন্নাইয়ে প্রায় সোয়া একর জমির ওপর অবস্থিত রাঘবেন্দ্র মণ্ডপের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছিলেন রজনীকান্ত। তিনি জানান, তাঁর মৃত্যুর পর এই সম্পত্তি রাঘবেন্দ্র পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের কাছে হস্তান্তর করা হবে। বিষয়টি নিজের উইলেও অন্তর্ভুক্ত করেছেন তিনি।
ভিডিওতে রজনীকান্ত বলেন, ‘যারা আমাকে বাঁচিয়ে রেখেছেন, সেই তামিলনাড়ুর মানুষের কাছেই যাবে প্রতিটি পয়সা। আমার পরিবার এক পয়সাও পাবে না।’
তামিলনাড়ুর দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেতা বলেন, টিকিটের দাম যেমনই হোক, এখানকার মানুষ সবসময়ই আমার সিনেমার দেখার জন্য টিকিট কেটেছে। তাদের ভালোবাসা ও সমর্থনের প্রতিদান দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
রজনীকান্ত আরও জানান, অভিনেতা জানান, চাইলে যেকোনো সময় নিজের উইল পরিবর্তন করতে পারেন। কিন্তু সবার সামনে দেওয়া প্রতিশ্রুতি পরিবর্তন করা যায় না। ভালো কোনো কাজ করতে চাইলে তা দ্রুত করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয়ে স্ত্রী লতা ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেছিলেন রজনীকান্ত।
সম্প্রতি সিনেমা বিকাটানের এক প্রতিবেদনে রাঘবেন্দ্র মণ্ডপের জায়গায় তিন তারকা হোটেল নির্মাণের পরিকল্পনা বা আলোচনা চলছে বলে জানানো হয়। এরপর থেকেই সম্পত্তিটির ভবিষ্যৎ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। তবে অন্যান্য প্রতিবেদনে বলা হয়েছে, ঠিক কী ধরনের পরিবর্তন আনা হবে, তা এখনো পরিষ্কার নয়। পুরো স্থাপনা হোটেলে রূপান্তর করা হবে, নাকি কেবল একটি অংশ ব্যবহার করা হবে, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এর মধ্যেই রজনীকান্তের পুরোনো ভিডিওটি নতুন করে আলোচনায় এসেছে।
এদিকে কাজের ক্ষেত্রে রজনীকান্তকে সামনে দেখা যাবে 'জেলার ২' সিনেমায়। নেলসন দিলীপকুমার পরিচালিত সিনেমাটি আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। এ ছাড়া অশ্বথ মারিমুথুর পরিচালনায় 'ধর্মন' সিনেমাতেও অভিনয় করছেন তিনি। সম্প্রতি সিনেমাটির তৃতীয় ধাপের শুটিং শেষ হয়েছে।

বিনোদন ডেস্ক