তৌসিফকে জন্মদিনে পুরোনো স্মৃতিতে রাঙালেন স্পর্শিয়া
শোবিজের জনপ্রিয় দুই মুখ স্পর্শিয়া ও তৌসিফ মাহবুব। দীর্ঘদিনের বন্ধুত্বের এই সম্পর্কে এবার জন্মদিনে এক বিশেষ আবেগঘন বার্তা প্রকাশ করলেন স্পর্শিয়া। ২০০৯ সালের কৈশোরের দিনগুলো থেকে শুরু করে আজকের এই অবস্থান পর্যন্ত তাদের দু‘জনের এই পথচলা ও বন্ধুত্বের গভীরতা উঠে এসেছে অভিনেত্রীর কথায়।
তৌসিফ মাহবুবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে স্পর্শিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ২০০৯ সাল থেকে কৈশোরের দিনগুলো পেরিয়ে আজ আমরা যে অবস্থানে এসে দাঁড়িয়েছি, এই দীর্ঘ যাত্রায় তুমি আমাকে অনেকভাবে অনুপ্রাণিত করেছ। তোমার সাফল্যে আমি ঠিক ততটাই গর্বিত, যতটা নিজের সাফল্যে হই, শুধু পেশাগত অর্জনের জন্যই নয়, বরং নিজ নিজ জীবনে ব্যক্তিগত নানা লড়াইয়ে জয়ী হওয়ার জন্যও।
বন্ধুত্ব যে সময়ের স্রোতে ফিকে হয়ে যায়নি, তা উল্লেখ করে তিনি আরও লেখেন, এত কিছুর পরও আমাদের পারস্পরিক শ্রদ্ধা আর বন্ধন কখনো ম্লান হয়নি। প্রার্থনা করি, কখনো যেন না হয়। সৃষ্টিকর্তা তোমাকে তোমার প্রাপ্য সবকিছু দান করুন! শুভ জন্মদিন তৌসিফ মাহবুব।
বিশেষ পোস্টে স্পর্শিয়া মোট পাঁচটি ছবি শেয়ার করেছেন যার মধ্যে তিনটি পুরোনো এবং দুটি সাম্প্রতিক সময়ের। বিশেষ করে তাদের কৈশোরের বন্ধুত্বের দিনগুলোর ছবিগুলো ভক্তদের নজর কেড়েছে। সময়ের সঙ্গে সঙ্গে দুজনের চেহারায় ও সাজপোশাকে যে পরিবর্তন ও পরিণতি এসেছে, তা এই ছবিগুলোতে স্পষ্ট।

বিনোদন ডেস্ক