৫ বছর পর ফিরছে ‘মিরাক্কেল’, শুরু হচ্ছে অডিশন
দীর্ঘ পাঁচ বছরের বিরতি কাটিয়ে আবারও টেলিভিশনের পর্দায় ফিরছে জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মিরাক্কেল’। নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করেছে আয়োজক কর্তৃপক্ষ। এরই মধ্যে প্রতিযোগী নির্বাচনের জন্য অডিশনের আহ্বান জানানো হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হতে পারে অনুষ্ঠানটির নতুন আসর।
মীর আফসার আলীর সঞ্চালনায় একসময় পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল অনুষ্ঠানটি। হাস্যরস, ব্যতিক্রমী সব কৌতুক পরিবেশনা এবং প্রতিযোগীদের মজার সব উপস্থাপনায় দর্শকদের কাছে আলাদা জায়গা করে নিয়েছিল ‘মিরাক্কেল’। এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই পরিচিতি পেয়েছেন অনেক কৌতুকশিল্পী। পরবর্তী সময়ে তাঁদের কেউ কেউ বিনোদনজগতে নিজেদের অবস্থান তৈরি করেছেন।
২০২১ সালে সর্বশেষ প্রচারিত হয়েছিল অনুষ্ঠানটির দশম মৌসুম। এরপর দীর্ঘ বিরতিতে চলে যায় জনপ্রিয় এই আয়োজন। অবশেষে নতুন মৌসুমের প্রচারঝলক প্রকাশ করে প্রতিযোগীদের অডিশনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। নতুন মৌসুমটি সাজানো হচ্ছে ভিন্ন আঙ্গিকে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, এবারের অডিশনে পাঁচ বছরের বেশি বয়সী যে কেউ অংশ নিতে পারবেন। নিজের বলা কৌতুকের ভিডিও পাঠিয়ে প্রাথমিক বাছাইয়ে অংশ নেওয়ার সুযোগ থাকছে। সেখান থেকে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে শুরু হবে মূল পর্ব। নতুন মৌসুমে প্রতিযোগীরা একে অপরের সঙ্গে কৌতুক পরিবেশনায় প্রতিদ্বন্দ্বিতা করবেন।
অনুষ্ঠানটির পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের ফেব্রুয়ারিতে প্রচার শুরু হতে পারে। সে ক্ষেত্রে জানুয়ারির শেষ দিকে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। তবে প্রতিযোগী নির্বাচনের ওপরও সময়সূচি নির্ভর করছে।
নতুন মৌসুমে বিচারকের আসনে কারা থাকবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। পুরোনো ও নতুন মুখের সমন্বয়ে বিচারক প্যানেল সাজানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। আগের মৌসুমের পরিচিত বিচারক ও পরামর্শকদের ফেরানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে।

বিনোদন ডেস্ক