এক কোটি মালা পরাতেই জানা গেল ‘পঞ্চায়েত’র মুক্তির তারিখ
অবশেষে জানা গেল ‘পঞ্চায়েত’র পঞ্চম সিজনের মুক্তির তারিখ। আগামী ৩ ডিসেম্বর থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে জনপ্রিয় এই সিরিজের নতুন সিজন। তবে তারিখটি প্রকাশের আগে ভক্তদের জন্য অভিনব এক শর্ত দিয়েছিলেন ফুলেরার নতুন প্রধান ক্রান্তি দেবী। বানরাকাসের গলায় এক কোটি মালা পরানোর সেই শর্ত পূরণ হতেই ঘোষণা আসে মুক্তির দিন।
এর আগে গত রোববার জানানো হয়েছিল, চলতি বছর মুক্তি পাচ্ছে না ‘পঞ্চায়েত’র পঞ্চম সিজন। এতে হতাশ হন সিরিজটির ভক্তরা। তবে পরদিনই প্রাইম ভিডিওর অফিশিয়াল পেজে প্রকাশিত একটি ভিডিও নতুন করে আলোচনার জন্ম দেয়। সেখানে ফুলেরার নতুন প্রধান ক্রান্তি দেবী তাঁর পরিবারের অতীত অপমানের কথা তুলে ধরে দাবি করেন, এবার তাঁদের চাই ‘ফুল ইজ্জত’, অর্থাৎ পূর্ণ সম্মান।
এই সম্মান আদায়ের জন্য ভক্তদের সামনে একটি শর্ত দেন তিনি। নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে বানরাকাস চরিত্রের গলায় এক কোটি মালা পরাতে হবে। শর্ত পূরণ হলেই জানানো হবে নতুন সিজনের মুক্তির তারিখ। ক্রান্তি দেবীর এই আহ্বানে সাড়া দেন ভক্তরা। অল্প সময়ের মধ্যেই পূরণ হয়ে যায় এক কোটি মালা পরানোর লক্ষ্য। এরপরই ওয়েবসাইটে প্রকাশ করা হয় মুক্তির তারিখ, ৩ ডিসেম্বর।
প্রত্যন্ত গ্রাম ফুলেরার মানুষের জীবনযাপন, স্থানীয় রাজনীতি, সম্পর্ক ও নানা টানাপোড়েন নিয়ে তৈরি ‘পঞ্চায়েত’। হাস্যরসের মধ্য দিয়ে গ্রামীণ জীবনের নানা বাস্তবতা তুলে ধরেছে সিরিজটি। আগের সিজনের শেষে ফুলেরার রাজনীতিতে বড় পরিবর্তন আসে। পঞ্চায়েত নির্বাচনে মঞ্জু দেবীকে হারিয়ে নতুন প্রধান হন ক্রান্তি দেবী। অন্যদিকে ক্যাট পরীক্ষায় উত্তীর্ণ হন সচিবজি। পাশাপাশি রিঙ্কির কাছে নিজের ভালোবাসার কথাও স্বীকার করেন তিনি।
নতুন সিজনে ক্রান্তি দেবীর নেতৃত্বে বদলে যাওয়া ফুলেরায় সচিবজির কর্মজীবন কেমন হবে, তা নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে। একই সঙ্গে সচিবজি ও রিঙ্কির সম্পর্ক কোন দিকে এগোয়, সেটিও দেখার অপেক্ষায় তাঁরা।
সিরিজটির নতুন সিজন নিয়ে সম্প্রতি ‘ভ্যারাইটি ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন প্রহ্লাদ চরিত্রের অভিনেতা ফয়সল মালিক। তাঁর ভাষ্য, পঞ্চম সিজনে প্রতিটি চরিত্রের জীবনেই আসবে নানা পরিবর্তন। তিনি বলেন, ‘পঞ্চম সিজনে অনেক কিছুই বদলে যাচ্ছে। প্রতিটি চরিত্রের জীবনে অনেক বাঁক ও বদল দেখা যাবে। বরাবরের মতো কমেডি ও ড্রামা তো থাকছেই, তবে এবার এমন কিছু অভাবনীয় ঘটনা ঘটবে, যা দর্শকদের চমকে দেবে।’
দ্য ভাইরাল ফিভার (টিভিএফ) প্রযোজিত এবং দীপক কুমার মিশ্র পরিচালিত সিরিজটির নতুন সিজনে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, সুনীতা রাজওয়ার, সানভিকা, ফয়সল মালিক, চন্দন রায়, দুর্গেশ কুমার ও অশোক পাঠকসহ অনেকে।

বিনোদন ডেস্ক