১৯ সংগঠন থেকে পদত্যাগ করছেন জয় চৌধুরী
এফডিসির চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৯টি সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্মের মুখপাত্রের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। গতকাল সোমবার রাতে সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় চলচ্চিত্রের উনিশ সংগঠনের মুখপাত্র ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরী এ তথ্য জানান।
ওই বার্তায় তিনি বলেন, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকাল ৪টায় আমি আমার পদত্যাগপত্র জমা দেব। পাশাপাশি, বর্তমান ইস্যু এবং এ বিষয়ে আমার ব্যক্তিগত অবস্থান সম্পর্কে আপনাদের সঙ্গে সুস্পষ্টভাবে মতবিনিময় করতে চাই।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে এফডিসিতে আয়োজিত একটি মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে জয় চৌধুরী এবং শিল্পী সমিতির কয়েকজন সদস্যের অনুপস্থিতিকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়।
রোববার বিকেলে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে তাঁদের অংশ না নেওয়ায় ক্ষুব্ধ হন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক ও চিত্রনায়ক হেলাল খান। পরে শিল্পী সমিতির কার্যালয়ের সামনে দু‘পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে জয় চৌধুরীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তুই ফ্যাসিস্ট’ ও ও ‘স্বৈরাচারের দোসর’ বলে আক্রমণ করেন হেলাল খান। তাদের কথাকাটাকাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চলচ্চিত্র অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
এ বিষয়ে জয় চৌধুরী তখন বলেছিলেন, ‘শিল্পী সমিতির সামনে বাইরের কয়েকজন লোক বসেছিলেন। তারা ডি এ তায়েবের ভক্ত। তায়েব আসতে দেরি করায় তারা সেখানে বসে ছিলেন। জন্মদিন উপলক্ষ্যে কেক কাটতেও এসেছিলেন তারা।’
তিনি আরও বলেন, ‘হেলাল ভাই রাগ করে আমাকে ফ্যাসিস্ট বলেছেন। কারণ আমি ডি এ তায়েব ভাইকে সাপোর্ট করে কথা বলেছি এবং মানববন্ধনে যেতে দেরি হয়েছে। তায়েব ভাই নিজেও জানেন না, এই লোকজন কখন কীভাবে এফডিসিতে এসেছে এবং কেন তাদের মানববন্ধনে পাঠানো হয়নি। এ কারণেই তিনি রাগ করেছেন।’
চলচ্চিত্রের ১৯টি সংগঠন নিয়ে গঠিত সম্মিলিত প্ল্যাটফর্মটির আহ্বায়ক হেলাল খান, সদস্যসচিব শিল্পী সমিতির সভাপতি শিবা শানু এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন জয় চৌধুরী। এবার সেই প্ল্যাটফর্মের মুখপাত্রের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন এই চিত্রনায়ক।

বিনোদন ডেস্ক